shono
Advertisement
Rajpal Yadav

'আচ্ছে দিন' আসছে! রাজপাল যাদব তিহাড় জেল থেকে বেরতেই বড় ইঙ্গিত দিলেন অভিনেতার ভাই

সোমবার অভিনেতার জামিনের খবর পাওয়ার পরই সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন রাজপালের ভাই চন্দ্রপাল। কী জানালেন তিনি?
Published By: Sandipta BhanjaPosted: 10:52 AM Feb 17, 2026Updated: 10:52 AM Feb 17, 2026

সোমবারই দিল্লি উচ্চ আদালতে বড় স্বস্তি পেয়েছেন রাজপাল যাদব। ৯ কোটির চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে জেলমুক্তি ঘটেছে বলিউড অভিনেতার। সেই প্রেক্ষিতেই অবশেষে এগারো দিন বাদে তিহাড় জেল থেকে বাড়িতে ফিরেছেন রাজপাল। কৌতুকাভিনেতার গ্রেপ্তারি মায়ানগরীর সেলেবপাড়ার ঘুম উড়িয়ে দিয়েছিল, বললেও অত্যুক্তি হয় না! তবে আগামী ১৮ মার্চ পর্যন্ত 'ছোটে পণ্ডিত'-এর সাজা স্থগিত হওয়ায় সেই উদ্বেগ কিছুটা হলেও কেটেছে। এমতাবস্থায় বড় খবর শোনালেন রাজপালের ভাই চন্দ্রপাল যাদব।

Advertisement

সোমবার অভিনেতার জামিনের খবর পাওয়ার পরই সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন তাঁর ভাই চন্দ্রপাল। তিনি বলেন, "কারও প্রতি আমাদের কোনও অভিযোগ নেই। যেভাবে দিন কাটিয়েছি আমরা, সেটা আমরাই জানি। তবে আপাতত আমরা এটুকুই বলব, আচ্ছে দিন আসছে।" অর্থাৎ রাজপালের জেলমুক্তিতে যে পরিবারের সুদিন ফিরল, সেকথাই জানিয়েছেন চন্দ্রপাল যাদব। উল্লেখ্য, বাড়িতে ভাইঝির (দাদার মেয়ে) বিয়ের অনুষ্ঠান রয়েছে বলে গত বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি জামিনের আবেদন জানিয়েছিলেন রাজপাল। তবে সেই আবেদন খারিজ করে আদালতের কাছে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় অভিনেতাকে। বিচারপতি স্বর্ণা কান্তের বেঞ্চের তরফে রাজপালকে বলা হয়, "আপনি এর আগে অন্তত ২৫-৩০ বার হাজিরা দিয়েছেন। আপনাকে একজন সিনিয়র আইনজীবীও সহায়তা করেছিলেন। তিনি আপনার হয়ে কোর্টকে বলেছিলেন, আমার মক্কেল বিদেশে গিয়ে কিছু টাকা উপার্জন করে বকেয়া মিটিয়ে দিতে পারে। তাই আপনাকে যে ভুল পথে চালিত করা হয়েছে, সেই দাবি আপনি করতে পারবেন না। উপরন্তু অভিযোগকারী কোম্পানির পাওনা মেটাতেও কয়েক বছর ধরে দেরি করেছেন। পাশাপাশি চেক বাউন্সের মামলায় আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বিষয়টির নিষ্পত্তিও করতে পারেননি।" এবার দাদার মেয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য অভিনেতার জামিনের আর্জি মঞ্জুর করল দিল্লি উচ্চ আদালত। তবে জেলযাত্রার দরুণ রাজপাল যাদবের 'শাপে বর' হয়েছে বললেও অত্যুক্তি হয় না! 

রাজপাল যাদব, ছবি- সোশাল মিডিয়া

অভিনেতার দুঃসময়ের কথা শুনে বলিউডের অনেকেই আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তিহাড় জেলে থাকাকালীন বিগত ১১ দিনে অভিনেতার কাছে একাধিক বিজ্ঞাপন, মিউজিক ভিডিওর পাশাপাশি সিনেমার প্রস্তাবও এসেছে। যেমন গুরু রানধাওয়া তাঁর গানের ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দিয়ে অগ্রিম পারিশ্রমিক পাঠিয়েছেন। 'ইয়েস ম্যাডামে'র সিইও মায়াঙ্ক আর্যও তাঁদের সংস্থার বিজ্ঞাপনী ভিডিওতে রাজপালকে কাস্টের কথা জানিয়েছেন। ইতিমধ্যেই তাঁর টিম কাজ শুরু করে দিয়েছে। অন্যদিকে বক্সার বিজেন্দর তাঁর পরবর্তী ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য অভিনেতাকে প্রস্তাব দিয়েছেন। এগিয়ে এসেছেন বলিউডের জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শনও। রাজপাল যাদবকে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। খবর, আগামী ১৮ মার্চ ফের চেক বাউন্স মামলার শুনানি রয়েছে। বলিউডের সাহায্যে বকেয়া টাকা জোগাড় করে সেদিনই কি রাজপাল যাদবের শাপমুক্তি ঘটবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement