গুরুতর অসুস্থ সেলিম খান (Salim Khan)। মঙ্গলবার সকালেই জানা যায়, বাবাকে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয়েছে সলমন খানকে (Salman Khan)। যদিও নবতিপর চিত্রনাট্যকারের অসুস্থতার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কারণ পরিবারের তরফে সেলিম খানের শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে হাসপাতালের বাইরে উদ্বিগ্ন সলমনকে দেখে উদ্বেগ মায়ানগরীর সেলেব পাড়ায়! এবার খবর, আশঙ্কাজনক অবস্থায় লীলাবতী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি সেলিম খান।
"সেলিম সাব বেশ আশঙ্কাজনক। আমরা সকলেই ভীষণ উদ্বিগ্ন। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি..."
বলিউড মাধ্যম সূত্রে খবর, এই মুহূর্তে বাবার পাশে থাকতে সমস্ত কাজ, শুটিং বাতিল করেছেন সলমন। এমনকী প্রবীণ চিত্রনাট্যকারের শারীরিক পরিস্থিতি এতটাই গুরুতর যে, পরিবারেও দুশ্চিন্তার প্রহর কাটছে। ভাইজানের এক ঘনিষ্ঠ বন্ধু এপ্রসঙ্গে জানিয়েছেন, "সেলিম সাব বেশ আশঙ্কাজনক। আমরা সকলেই ভীষণ উদ্বিগ্ন। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, যত তাড়াতাড়ি সম্ভব উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন।" জানা গিয়েছে, এদিন সকালে সলমন খানের পরই হাসপাতালে একে একে আসেন আরবাজ, সোহেল, জামাই আয়ুষ-সহ গোটা পরিবার। সেলিমের দুই কন্যা আলভিরা এবং অর্পিতা খানও উপস্থিত লীলাবতী হাসপাতালে। ঠিক কী কারণে সেলিম খানকে হাসপাতালে ভর্তি করা হল, বিস্তারিত পরিবারের তরফে না জানানো হলেও সূত্রের খবর, বার্ধক্যজনিত কোনও কারণেই অসুস্থ হয়ে পড়েছেন প্রবীণ চিত্রনাট্যকার। আর সেই প্রেক্ষিতেই এদিন সকালে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করাতে হয়। তবে এবার জানা গেল, গুরুতর অসুস্থ হয়ে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন সেলিম খান।
সন্তানদের সঙ্গে একফ্রেমে সেলিম খান।
এদিকে মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে বেরনোর সময় উপস্থিত পাপারাজ্জিদের সঙ্গে কোনওরকম কথা বলেননি সলমন খান। সাদামাটা কালো টি শার্ট-প্যান্ট পরে নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে হন হন করে বেরিয়ে যান লীলাবতী হাসপাতাল থেকে। ছবিশিকারীদের সুবাদে সেই ভিডিও ভাইরাল হতেই ভাইজানের শুকনো মুখ দেখে উদ্বেগ মায়ানগরীর সেলেব পাড়াতেও। বলিউডের স্বর্ণযুগের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে সাত-আটের দশকে ব্লকবাস্টার চিত্রনাট্যের জেরে বহু সিনেমা হিট করিয়েছেন। সেই তালিকায় 'শোলে', 'জঞ্জির', 'দিওয়ার' থেকে 'ডন'-এর মতো একাধিক সিনেমা রয়েছে। এবার সেলিমের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তাঁর আরোগ্য কামনায় রত গোটা বলিউড।
