shono
Advertisement

Breaking News

Ranbir Kapoor Ramayana

'রামায়ণ'-এ দ্বৈত চরিত্রে রণবীর, রাম ব্যতীত আর কোন ভূমিকায়? নিজেই ফাঁস করলেন বড় টুইস্ট

৪ হাজার কোটি বাজেটের সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। সদ্য মুক্তিপ্রাপ্ত ঝলকেই অবশ্য অভিনেতার দ্বৈত ভূমিকার আভাস পাওয়া গিয়েছিল, কিন্তু নির্মাতারা সে সম্পর্কে এযাবৎকাল 'টুঁ' শব্দটি করেননি! এর মাঝেই আসল টুইস্ট ফাঁস করলেন সুপারস্টার কাপুর খোদ।
Published By: Sandipta BhanjaPosted: 09:31 AM Apr 04, 2026Updated: 09:31 AM Apr 04, 2026

পয়লা ঝলক উন্মোচনের পরই নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ'-এর বড় ট্যুইস্ট ফাঁস করলেন রণবীর কাপুর। সদ্য হনুমান জয়ন্তীতে প্রকাশ্যে আসা মেগাবাজেট টিজারে সাড়া ফেলে দিয়েছেন কাপুরনন্দন। প্রায় আড়াই মিনিটের ঝলকে 'রাম' অবতারে ছক্কা হাঁকিয়েছেন বললেও অত্যুক্তি হয় না! তবে চমক এখানেই শেষ নয়! টিজার লঞ্চের পর রণবীর নিজেই আভাস দিলেন 'পিকচার অভি বাকি হ্যায়'!

Advertisement

"একজন অভিনেতা হিসেবে যে কোনও চরিত্র চিত্রায়ণের জন্য শরীরী ভাষা ছাড়াও সংশ্লিষ্ট চরিত্রগুলির আধ্যাত্মিক দিকগুলো গভীরভাবে আত্মস্থ করা দরকার। 'রামায়ণ'-এর শুটিং শুরুর আগে পুরো এক বছর ধরে আমি ঠিক এই কাজটাই করে গিয়েছি। রাম হোক কিংবা...।" 

'রামায়ণ'-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর। রামের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন কাপুরনন্দন। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনিও করতে হয়েছে তাঁকে। 'রামের সুমতি'তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও। রামদর্শনে বিভোর রণবীরের এহেন 'পরিবর্তন' কিন্তু নজর এড়ায়নি অনুরাগীদেরও। তাই গোড়া থেকেই কাপুরনন্দনকে 'রাম' অবতারে দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁরা। রঘুনন্দন বেশে অবশ্য আশাহত করেননি তিনি। তবে এবার খবর, ৪ হাজার কোটি বাজেটের সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। সদ্য মুক্তিপ্রাপ্ত ঝলকেই অবশ্য অভিনেতার দ্বৈত ভূমিকার আভাস পাওয়া গিয়েছিল, কিন্তু নির্মাতারা সে সম্পর্কে এযাবৎকাল 'টুঁ' শব্দটি করেননি! এর মাঝেই আসল টুইস্ট ফাঁস করলেন সুপারস্টার কাপুর খোদ।

রাম লুকে রণবীর কাপুর। ছবি- সংগৃহীত 

নীতেশ পরিচালিত 'রামায়ণ'-এ রাম ব্যতীত আর কোনও ভূমিকায় দেখা যাবে রণবীরকে? কৌতূহল অস্বাভাবিক নয়। ঝলক উন্মোচনের পর অভিনেতা জানান, এই সিনেমায় বিষ্ণুর আরেক অবতার পরশুরামকেও দেখানো হবে। রঘুনন্দনের পাশাপাশি সেই ভূমিকাতেও অভিনয় করেছেন রণবীর কাপুর। অভিনেতার মন্তব্য, "বিষ্ণুর বিভিন্ন অবতার। ভগবান রামের ঠিক পূর্ববর্তী অবতার ছিলেন পরশুরাম। এই দুই পৌরাণিক চরিত্রের মেজাজ স্বতন্ত্র। আমি রামের ভূমিকায় কীভাবে অভিনয় করার সুযোগ পেলাম, এটা তো সকলেই জানেন। কিন্তু পরশুরামের ভূমিকায় অভিনয়ের অভিজ্ঞতাও অসাধারণ।" কীভাবে দ্বৈত চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করলেন রণবীর? এপ্রসঙ্গে অভিনেতার মন্তব্য, "একজন অভিনেতা হিসেবে যে কোনও চরিত্র চিত্রায়ণের জন্য শরীরী ভাষা ছাড়াও সংশ্লিষ্ট চরিত্রগুলির আধ্যাত্মিক দিকগুলো গভীরভাবে আত্মস্থ করা দরকার। 'রামায়ণ'-এর শুটিং শুরুর আগে পুরো এক বছর ধরে আমি ঠিক এই কাজটাই করে গিয়েছি। রাম হোক কিংবা পরশুরাম, কোন চরিত্রের কীরকম আদর্শ? সেগুলোর মজ্জায় ঢুকে বোঝার চেষ্টা করেছি।" এবার প্রশ্ন টিজারে কোথায় ইঙ্গিত রয়েছে দ্বৈত চরিত্রের?

'রামায়ণ'-এর ঝলকের এক দৃশ্য। ছবি- সংগৃহীত 

মহাকাব্যের বর্ণনা অনুযায়ী, সীতাকে বিয়ে করে অযোধ্যায় ফেরার পথে রামের সঙ্গে পরশুরামের দেখা হয়। যেখানে পরশুরাম রামকে দ্বৈরথের জন্য আহ্বান জানান। কিন্তু শেষপর্যন্ত তাঁরা সংঘাতে জড়ান না। কারণ পরশুরাম বুঝতে পারেন যে রামও স্বয়ং ভগবান বিষ্ণুরই একটি অবতার। 'রামায়ণ'-এর ঝলকে এক দৃশ্যে দেখা যায়, ধূ-ধূ প্রান্তরে রাজা 'রাম' বেশে রণবীর। পিছনেই দাঁড়িয়ে 'লক্ষ্মণ' রবি দুবে এবং 'দশরথ' অরুণ গোভিল। সেই দৃশ্যেই বড়পর্দায় পরশুরাম অবতারে দেখা যাবে রণবীর কাপুরকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement