shono
Advertisement
Ranveer Singh

পাক্কা 'ধুরন্ধর'! 'ডন ৩' বিতর্ক মেটাতে ফারহানকে ১০ কোটি ক্ষতিপূরণ দিতে রাজি রণবীর সিং

'ডন ৩'-এর কাজ বিশ বাঁও জলে পড়ায় রণবীর সিংয়ের থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ চেয়েছিলেন দুই প্রযোজক ফারহান আখতার, রীতেশ সিধওয়ানি। এবার 'উপযাচক' হয়ে কী করলেন 'ধুরন্ধর'?
Published By: Sandipta BhanjaPosted: 09:23 AM Apr 22, 2026Updated: 06:59 PM Apr 22, 2026

‘ধুরন্ধর’ সাফল্যের পর ফারহান আখতারের মেগাবাজেট ‘ডন ৩’ (Don 3) ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং (Ranveer Singh)। যদিও ‘অতিরিক্ত বায়নাক্কা’র জেরে অভিনেতাকে ছাঁটাই করা হয়েছে, নাকি চিত্রনাট্য নাপসন্দ হওয়ায় তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন, সেই তত্ত্ব নিয়ে বিটাউনে এখনও জলঘোলা বহাল। এমতাবস্থায় মাঝপথে সিনেমার কাজ থেমে যাওয়ায় ‘ধুরন্ধর’ রণবীর সিংয়ের থেকে ফেব্রুয়ারি মাসেই মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি। যদিও ‘প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’র বৈঠকে ‘সেই টাকা দেওয়া আমার দায় নয়’ বলে সরে গিয়েছিলেন রণবীর। তবে এবার খবর, ফারহানের সঙ্গে তরজা মেটাতে নিজেই 'উপযাচক' হয়ে এগিয়ে এসেছেন সুপারস্টার সিং।

Advertisement

ফারহান ৪০ কোটি ক্ষতিপূরণ চাওয়ায় ‘প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’র বৈঠকে রণবীর সিং যুক্তি দিয়েছিলেন, “সঞ্জয় লীলা বনশালির ‘বৈজু বাওরা’ ছবির জন্য এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিলাম। অন্য কোনও ছবিতে সইও করিনি সেসময়ে। অনেক প্রস্তাব ফিরিয়েছি। কিন্তু সেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে দীর্ঘ সময় ব্যয় করার পরও বনশালির থেকে কোনও ক্ষতিপূরণ আমি দাবি করিনি।...”

গত ফেব্রুয়ারি মাসেই জানা যায়, এক্সেল এন্টারটেইনমেন্টের দুই মালিক রীতেশ এবং ফারহান আখতার রণবীর সিংয়ের থেকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। কারণ, বছরখানেক আগে অভিনেতা সবুজ সংকেত দেওয়ার পরই ‘ডন ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছিলেন তাঁরা। এমনকী ‘ধুরন্ধর’-এর কাজ শেষ হওয়ার পরই ফারহানের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার শুটিং শুরু করার কথা ছিল অভিনেতার। কিন্তু পঁচিশ সালে বছরশেষে আচমকাই শোনা যায়, ‘ডন ৩’ ছেড়ে রণবীর সিং এবার জয় মেহেতার ‘প্রলয়’-এর শুটিং শুরু করবেন। যার জন্য নতুন দিনক্ষণও ছকে ফেলেছেন অভিনেতা। যদিও এহেন সিদ্ধান্তে দর্শকমহল বেশ উৎফুল্লিত। কারণ ২০২৩ সালে ‘ডন ৩’ ছবির টিজার প্রকাশ্যে আসার পর রণবীর সিংকে ‘ডন’ অবতারে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন তাঁরা। তবে সেই দুঃসময়ে অভিনেতার পাশে দাঁড়িয়ে দর্শকদের পালটা চ্যালেঞ্জ করেছিলেন ফারহান আখতার। সেই পরিচালক-প্রযোজককেই কিনা সাফল্যের শিখর ছুঁয়ে ভুলে গেলেন ‘ধুরন্ধর’ রণবীর! মনোমালিন্যের জেরে ফারহানের ইনস্টাতেও আর ঠাঁই নেই তাঁর। এবার বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রযোজক-পরিচালক ফারহান আখতারের থেকে 'ডন'-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজির জন্য যে অগ্রীম পারিশ্রমিক নিয়েছিলেন, তার সবটাই ফেরত দিতে রাজি হয়েছেন রণবীর সিং।

রণবীর সিং ও ফারহান আখতার, ছবি: সোশাল মিডিয়া।

কানাঘুষো, খুব শিগগিরিই সইসাবুদ করে ১০ কোটি টাকা 'এক্সেল এন্টারটেইনমেন্ট'কে ফেরত দেবেন 'ধুরন্ধর' অভিনেতা। শুধু তাই নয়! নিজের পরবর্তী ছবি 'প্রলয়'-এরও একটা অংশীদারিত্বও ফারহানের হাতে সঁপে দিতে চলেছেন বলে খবর। যদিও এই অংশীদারিত্বের পরিমাণ কত শতাংশ হবে, সেটা উত্তর এখনও অধরা, তবে সুপারস্টার সিং যদি তিক্ততা ভুলে আদতেই প্রযোজক-পরিচালক ফারহান আখতারের পাশে দাঁড়ান, তাহলে 'বলিউডের বাস্তুতন্ত্রে' যে বড়সড় প্রভাব পড়তে চলেছে, তা বলাই বাহুল্য। তবে উল্লেখ্য, রণবীর কিংবা ফারহান উভয়ের কেউই এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করে সিলমোবর বসাননি।

মাসখানেক আগে জানা যায়, ফারহান ৪০ কোটি ক্ষতিপূরণ চাওয়ায় ‘প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’র বৈঠকে রণবীর সিং যুক্তি দিয়েছিলেন, “সঞ্জয় লীলা বনশালির ‘বৈজু বাওরা’ ছবির জন্য এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিলাম। অন্য কোনও ছবিতে সইও করিনি সেসময়ে। অনেক প্রস্তাব ফিরিয়েছি। কিন্তু পরবর্তীকালে সেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে দীর্ঘ সময় সেই ছবিতে ব্যয় করার পরও বনশালির থেকে কোনও ক্ষতিপূরণ আমি দাবি করিনি। তাই এক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়া আমার দায় নয়।” এবার কি ড্যামেজ কন্ট্রোল করতে ক্ষতিপূরণ দিয়ে নিজেই সমস্যার সমাধান করবেন রণবীর সিং? নজর থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement