সরকার বদলের সঙ্গে সঙ্গে টলিউডের অন্দরেও বদলের হাওয়া। তৃণমূল সরকারের জমানায় ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ প্রথমে মুক্তিতে বাধা পেয়েছিল। পরে জটিলতা কাটে এবং মুক্তি পায়। নতুন সরকারের আমলে সেই বাধা সরিয়ে আবারও ‘নন্দন’-এ মুক্তি পেল রুদ্রনীল ঘোষ অভিনীত ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। রবিবাসরীয় বিকেলে এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল নন্দন। শিবপুরের বিজেপি বিধায়ক অভিনেতা- রুদ্রনীলের ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ এবং রূপা গঙ্গোপাধ্যায়ের ছবি ‘প্রত্যাবর্তন’-এর স্ক্রিনিং হয় নন্দনে। এরপর সাংবাদিক সম্মেলন করেন দুই বিধায়ক।
দিনকয়েক আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টলিউডের সমস্যা সমাধানের দায়িত্ব দিয়েছিলেন রূপা গাঙ্গোপাধ্যায় (Roopa Ganguly), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়কে। রবিবার ছিল সেই দায়িত্ব পালনের প্রথম ধাপ হিসাবে সোনারপুর দক্ষিণের রূপা গঙ্গোপাধ্যায় এবং শিবপুরের রুদ্রনীল ঘোষ উপস্থিত হয়েছিলেন নন্দনে। রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “সবে আমাদের সরকার ক্ষমতায় এসেছে। আমাদের অনেক কাজ করার বাকি। আমরা ধীরে ধীরে সব কাজ করব। শুভেন্দুবাবু আমাদের যে দায়িত্ব দিয়েছেন আমরা সেই কাজ পালন করছি। আমরা পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করছি। স্ক্রিনের যত্ন, সাউন্ড সিস্টেমের যত্ন পূর্বতন সরকার নেয়নি। সেগুলোর যত্ন দরকার। পক্ষপাতদুষ্ট নয়, এমন কোনও ব্যক্তি দায়িত্বে থাকবেন। কারও একার স্বৈরাচারী রাজত্ব এখানে চলবে না। সবাই মিলে কাজ করবে।”
নন্দনের স্মরণীয় মুহূর্ত!
এদিনের সাংবাদিক সম্মেলনে অভিনেতা-পরিচালক তথা প্রযোজকের দেবের প্রশংসায় পঞ্চমুখ রূপা গঙ্গোপাধ্যায়। 'ব্যান কালচার'-এর মাঝেও শিল্পীসত্ত্বা বজায় রেখে 'রঘু ডাকাত'-এ কাজের প্রস্তাব নিয়ে রূপার কাছে গিয়েছিলেন। তাই রাজনীতির পালাবদলের মরশুমেও দেবকে 'ছোট ভাই' সম্বোধন করলেন রূপা।
নন্দনে রূপা-রুদ্রনীলের 'প্রত্যাবর্তন'!
এদিন কোনও কনভয় নয়, গাড়ির বদলে মেট্রোতে টালিগঞ্জ থেকে নন্দনে আসেন রুদ্রনীল। তাঁর কথায়, “যারা ব্যান কালচার তৈরি করেছিল মানুষ তাদের ব্যান করে দিয়েছে। তাই পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে যোগ্যরা কাজ পাবে। প্রতিটি ক্ষেত্রে যাতে প্রাণ ভরে নিশ্বাস নেওয়া যায়, যোগ্যরা যাতে কাজ করে এরকম কাজের পরিবেশ তৈরি হবে।”
