shono
Advertisement
Salman Khan

গ্যালাক্সিতে বিষ্ণোই গ্যাংয়ের গুলি, নিরাপত্তার স্বার্থে বাড়িবদল! সলমনের নতুন ঠিকানা কোথায়?

'কালা হিরণ' বিতর্ক থেকে সলমনের অসুস্থতার কানাঘুষো। এর মাঝেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়ার সিদ্ধান্ত ভাইজানের! মায়ানগরীর সিনেপাড়ার গুঞ্জন, ছ'তলা বাড়ি নির্মাণের অনুমোদন পেয়ে গিয়েছেন।
Published By: Kasturi KunduPosted: 03:29 PM Jun 27, 2026Updated: 04:45 PM Jun 27, 2026

বিগত বেশ কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন সুপারস্টার সলমন খান। কৃষ্ণসার হরিণ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ভাইজান। সেই মামলা চলাকালীন 'কালা হিরণ' নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক ভরত শ্রীনাথ। সলমনের অভিযোগ, এধরনের ছবি মামলার কাজে বিঘ্ন ঘটাতে পারে। দিল্লি আদালতের দ্বারস্থও হয়েছেন অভিনেতা। পরবর্তী শুনানি পয়লা জুলাই। এর মাঝেই সোশাল মিডিয়ায় ভাইরাল সলমনের অসুস্থতার খবর। আসন্ন ছবির কাজ শেষ না করে আমেরিকায় চিকিৎসা করাতে যাবেন না সলমন! এই খবরে আরও চিন্তিত ভাইজানের ভক্তরা। উদ্বেগ বাড়িতে প্রকাশ্যে আরও এক খবর।

Advertisement

মায়ানগরীর সিনেপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, আইকনিক গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়ছেন সলমন! যদিও এবিষয়ে অভিনেতা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেননি। মিডিয়া রিপোর্ট মোতাবেক, সলমন মুম্বইয়ের বান্দ্রায় সমুদ্রমুখী ছ'তলা একটি বাড়ি নির্মাণের অনুমোদন পেয়েছেন। সেই জন্যই নাকি দীর্ঘদিনের বাসস্থান গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে নতুন বাড়িতে শিফট হওয়ার কানাঘুষো।

সাতের দশক অর্থাৎ ১৯৭৪ সাল থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টই সলমনের স্থায়ী ঠিকানা। সেখান থেকে সত্যিই নতুন বাড়িতে চলে যাবেন কিনা সেবিষয়টি এখনও নিশ্চিত নয়। বান্দ্রায় নতুন বাড়ি নির্মাণে অনুমোদন প্রসঙ্গে জানা যাচ্ছে, গত ১৬ জুন মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (MCZMA) বাড়ি নির্মাণের অনুমতি দিয়েছে। বান্দ্রার চিম্বাই এলাকায় নির্মিত হবে সলমনের নতুন স্বপ্নেরহ বাড়ি। যা গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে খুব বেশি দূরে নয়।

সলমনের নতুন বাড়ি!

মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি সূত্রে খবর, যে জমিতে ভবনটি তৈরি হবে সেটি সলমনের মা সালমা খানের নামে নিবন্ধিত। ওই জমিতে ১৯৫৬ সালের আগে একটি দোতলা বাড়ি ছিল। সেটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেঙে ফেলা হয়। অনুমোদিত প্রকল্প অনুযায়ী, সলমনের নতুন ছ'তলা বাড়িতে থাকবে একটি গ্রাউন্ড ফ্লোর, স্টিল্ট পার্কিং এবং তার উপরে ছ'টি তলা। এলাকার আয়তন হবে প্রায় এক হাজার চোদ্দ বর্গমিটার। প্রকল্পটির নির্মাণের দায়িত্বে রয়েছে সচ ডেভেলপার্স।

পরিবেশগত শর্ত মেনেই এই অনুমোদন দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, বাড়ি নির্মাণের সময় কোনও গাছ কাটা যাবে না। বরং জমির চারপাশে স্থানীয় প্রজাতির নতুন গাছ লাগাতে হবে। উপকূলীয় অঞ্চলে নির্মাণ হওয়ায় পরিবেশ সুরক্ষার স্বার্থে এই শর্তগুলি বাধ্যতামূলক করা হয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টই জন্মদিন, ইদ-সহ বিভিন্ন বিশেষ দিন সেলিব্রেট করেন সলমন।

কোথায় হচ্ছে সলমনের নতুন বাড়ি?

তবে যে বাড়িটি তৈরি করবেন সেটি মূল সড়ক থেকে কিছুটা ভিতরের শান্তিপূর্ণ এলাকা। সেখানে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা আরও বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। বিষ্ণোই গ্যাংয়ের গুলিচালনার ঘটনার পর বাড়ানো হয়েছে সলমনের নিরাপত্তা। উল্লেখ্য, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চলার ঘটনার দু'বছরেরও বেশি সময় পর এই নতুন প্রকল্পের অনুমোদন মিলল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement