নিট কেলেঙ্কারির ঘটনায় ককরোচ জনতা পার্টির নিশানায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর পদত্যাগের দাবিতে সিজেপি দিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই পালে হাওয়া তুলে এবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মশকরা করলেন ইনফ্লুয়েন্সার সময় রায়না (Samay Raina)। গতমাসেই বহুবিতর্কিত শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরেছেন সময়। সেখানেই এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনের সময় উঠে আসে নিট পরীক্ষা প্রসঙ্গ। সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া নিট কেলেঙ্কারি নিয়ে বিদ্রুপ করেন সময়।
'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর শোয়ে কীভাবে নিট কেলেঙ্কারি প্রসঙ্গের উত্থাপন? শোয়ের প্রতিযোগী হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটির বাসিন্দা জেনি কামকি। হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছেন। সেই সঙ্গে সঙ্গীতচর্চাও করেন। 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর মঞ্চে নিজের প্রতিভা উপস্থাপন করে সকলকে মুগ্ধ করেন। সময়ের সঙ্গে আলাপচারিতার সময় কামকি জানান, শোয়ে অংশ নেওয়ার উদ্দেশে প্রথমবার মুম্বই সফর। তবে কলেজে ক্লাস থাকায় পরদিনই তাঁকে ফিরে যেতে হবে।
নিট কেলেঙ্কারি নিয়ে রসিকতা
তখনই মজার ছলে সময় বলেন, "আপ আসলি ডাক্তার কিউ নাহি বন যাতে? অভি তো পেপার ভি লিক হো গয়ে হ্যায়।" যার বাংলা তর্জমা করলে হয়, চিকিৎসক হয়ে গেলেন না কেন? প্রশ্নপত্রও তো ফাঁস হয়ে গিয়েছে। সময়ের বক্তব্যে যে নিট কেলেঙ্কারির ইঙ্গিত ছিল তা বললে অত্যুক্তি হবে না। সংশ্লিষ্ট পর্বের বিশেষ অংশের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সময় রায়নার প্রকাশ্যে এমন 'সাহসী' মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন ভক্তরা। নেটভুবনেও প্রশংসিত সময়।
সময় রায়না
এক নেটিজেন সময়ের সমর্থনে লেখেন, 'অন্তত একজন সেলিব্রিটির এই বিষয়টি নিয়ে কথা বলার সাহস হয়েছে।' প্রসঙ্গত, দিনকয়েক আগে 'আনফিল্টারড বাই সমদীশ' শোয়ে এসে সময়ের ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর বিপক্ষে কথা বলেছিলেন ককরোচ পার্টির স্রষ্ঠা অভিজিৎ দিপকে। সাফ জানিয়েছিলেন এই শো তাঁর ভালো লাগে না। তার মাঝেই নিট কেলেঙ্কারি নিয়ে নিজের শোয়ে ইঙ্গিতপূর্ণ ব্যাঙ্গাত্মক মন্তব্য সময়ের।
