২০ জুলাই, গত সোমবার 'ককরোচ জনতা পার্টি'র নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন শাবানা আজমি। দিল্লির যন্তর মন্তরে পৌঁছে অনশনরত সোনম ওয়াংচুক-সহ পড়ুয়াদের হাতে চুম্বন করে তাঁদের অদম্য সাহসকে কুর্নিশ জানান প্রবীণ অভিনেত্রী। এরপর বিক্ষোভ মিছিলে হেঁটে বাকবিতণ্ডাতেও জড়ান। সেদিনই এক ভাইরাল ভিডিওয় দেখা যায়, সংসদ অভিমুখে রওনা দেওয়া বিক্ষোভ মিছিলে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা আজমি। যদিও সেসময়ে তাঁর অসুস্থতার প্রকৃত কারণ জানা যায়নি, তবে এবার খবর, 'ককরোচ' বিক্ষোভ থেকে ফিরেই সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়েছেন শাবানা। তাই আপাতত পুরোদস্তুর গৃহবন্দি অভিনেত্রী।
মুম্বইতে 'ককরোচ' বিক্ষোভ হলেও সেখানে কোনও কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি শাবানা আজমিকে। সেসময়েই একাংশ কৌতূহল প্রকাশ করেন যে, দিল্লিতে গিয়ে পড়ুয়াদের পাশে দাঁড়ালেও নিজের শহরের কোনও প্রতিবাদ কর্মসূচিতে কেন যোগ দিলেন না অভিনেত্রী?
'ককরোচ'দের বিক্ষোভে শাবানা আজমি।
বাদল অধিবেশনের পয়লা দিনেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) 'সংসদ অভিযান' ঘিরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় দিল্লি। বিক্ষোভকারীদের রুখতে পাঁচ হাজার পুলিশ ও আধা সেনা দিয়ে যন্তর মন্তর চত্বর ঘিরে ফেলে কেন্দ্র। বিক্ষোভ আরও নাটকীয় মোড় নেয় 'আরশোলা'দের রুখতে যখন লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস, জলকামান চালায় পুলিশ। সেসময়েই এক ভাইরাল ভিডিওয় শাবানা আজমিকে প্রায় অচৈতন্য অবস্থায় দেখা যায়। চোখেমুখে ক্লান্তি, হাফ ধরার ছাপ স্পষ্ট। নিজে চলতে পর্যন্ত পারছিলেন না প্রবীণ অভিনেত্রী। কয়েক জন বিক্ষোভকারীই শাবানাকে আগলে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে বসান। এহেন ভিডিও ছড়িয়ে পড়তেই 'বলিউডের অগ্নিকন্যা'কে নিয়ে উদ্বেগের সৃষ্টি হয় সেলেবপাড়ায়। অনেকেই খোঁজ করেন, 'আপনি ঠিক আছেন তো ম্যাডাম?' কেউ বা বললেন, 'এই বয়সে এহেন ধকল শরীরে সহ্য না হওয়াই স্বাভাবিক।' এরপর মুম্বইতে 'ককরোচ' বিক্ষোভ হলেও সেখানে কোনও কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি শাবানা আজমিকে। সেসময়েই একাংশ কৌতূহল প্রকাশ করেন যে, দিল্লিতে গিয়ে পড়ুয়াদের পাশে দাঁড়ালেও নিজের শহরের কোনও প্রতিবাদ কর্মসূচিতে কেন যোগ দিলেন না অভিনেত্রী? শাবানার টিমের তরফেই জানানো হল নেপথ্যের কারণ।
প্রবীণ অভিনেত্রীর টিমের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, শাবানা সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত এবং এইমুহূর্তে তাঁকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তাই বিক্ষোভে অংশ নেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তাঁকে সেই পরিকল্পনা বাতিল করতে হয়। ওই বিবৃতিতে উল্লেখ, "সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হওয়ার জেরে ১০২ ডিগ্রি জ্বরে ভুগছেন অভিনেত্রী। তাই আপাতত দিন কয়েক আইসোলেশনেই থাকতে হবে শাবানা আজমিকে।" বলিউড মাধ্যম সূত্রে খবর, আরও দিন পাঁচেক গৃহবন্দি থাকবেন প্রবীণ অভিনেত্রী।
'ককরোচ'দের বিক্ষোভে শাবানা আজমি।
গত সোমবার যন্তর মন্তরে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাবানা আজমি জানান, "জল যখন মাথার উপর দিয়ে বইতে শুরু করে, তখনই আমি কথা বলি। এখন আর প্রতিটা ছোট-বড় ইস্যুতে প্রতিক্রিয়া দিই না, আমার ৭৫ বছর বয়স হয়েছে। আমি সব দেখে নিয়েছি ইহজীবনে। এখন শুধু সেসব বিষয়েই কথা বলি, যেগুলি আমাকে ভিতর থেকে নাড়া দেয়। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। জাভেদ সাহেব তাঁর চিঠিতে প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনি আলোচনা শুরু করুন, আমরা প্রেসের কাছে যাচ্ছি না। রাজ্যসভার একজন প্রাক্তন সাংসদ হিসেবে এই কথাটা বলছি- আমাকে আগে বলা হল, ২ দিনে উত্তর আসবে, ২ দিনে কোনও উত্তর এল না, ৩ দিনেও না। এমনকী ৪ দিনেও যখন কোনও উত্তর এল না, তখন আমরা এখানে এলাম।" এবার সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হওয়ার জেরে 'ককরোচ' সমর্থনে মুম্বইতে আয়োজিত ছাত্র আন্দোলনে সশরীরে যোগ দিতে পারলেন না প্রবীণ অভিনেত্রী।
