মঙ্গলে চরম দুঃসংবাদ। বিনোদুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত রুপোলি দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। ২৬ মে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টেলিভিশন ও সিনেমা, দুই ক্ষেত্রেই অনবদ্য অবদানের কথা অস্বীকার উপায় নেই। তাঁর অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে সতীর্থ ও ভক্তরা। পরিচিতমহল সমাজমাধ্যমে গভীর শোকপ্রকাশ করেছে। তিনি আর কেউ নন, ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন জগতের পরিচিত মুখ রমাকান্ত দয়ামা (Ramakant Dayama Death)। শাহরুখের সঙ্গে 'চক দে ইন্ডিয়া'তে রমাকান্তর অভিনয় আজও ভোলেনি দর্শক। বর্ষীয়ান অভিনেতার অকাল প্রয়াণ যেন মেনে নিতে পারছেন না প্রিয়জনেরা। আকস্মিক প্রয়াণের খবরে স্বভাবতই গভীর শোকের ছায়া নেমে এসেছে অনুরাগী ও বিনোদন জগতের সহকর্মীদের মধ্যে।
তাঁর দীর্ঘদিনের সহকর্মী তথা ঘনিষ্ঠ বন্ধু শুভাঙ্গি লাটকর অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন । আবেগঘন পোস্টে একটি পুরনো ভিডিও শেয়ার করে তিনি তাঁর প্রিয় বন্ধুর প্রয়াণের খবর সকলকে জানিয়েছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রবীণ অভিনেতা একটি ঘরোয়া আড্ডায় বন্ধুদের সঙ্গে আড্ডায় মজে। নাচ-গানের মাধ্যমে একেবারে হুল্লোরে মেতেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যে কতটা প্রাণোচ্ছল ছিলেন, এই ভিডিওই তার প্রমাণ।
প্রয়াত শাহরুখের সহ-অভিনেতা
পুরনো দিনগুলিতে ফিরে গিয়ে নস্ট্যালজিক শুভাঙ্গি। রামাকান্তর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ব্যথিত হৃদয়ে লেখেন, 'আজ আমরা এক পবিত্র আত্মাকে হারালাম। এই ঘটনায় আমি সত্যিই অন্তর থেকে ভেঙে পড়েছি। রমাকান্ত দয়ামা কেবল আমার একজন প্রিয় বন্ধু বা পারিবারিক বন্ধুই ছিলেন না, তিনি এমন একজন মানুষ ছিলেন যাঁকে আমি গভীরভাবে শ্রদ্ধা করতাম ও ভালোবাসতাম।'
আরও যোগ করেন, 'এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক একটি ঘটনা। জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েও কীভাবে জীবনকে উপভোগ করতে হয়, তা তিনি খুব ভালো করে জানতেন। তিনি যেমন একজন ভালো নৃত্যশিল্পী ছিলেন তেমনই গানের গলা সকলের হৃদয় ছুঁয়ে যেত। আর অভিনেতা হিসেবে তো জুড়ি মেলা ভার। আমার কাছে তিনি ছিলেন এক বিজ্ঞ পরামর্শদাতা, যাঁর প্রতিটি কথার একটি গভীর অন্তর্নিহীত অর্থ থাকত।'
