shono
Advertisement
Abhaya Shakti

অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, 'তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?'

তৃণমূলের থেকে টাকা খেয়ে অভয়াকে নিয়ে ছবি! 'উজ্জ্বল চ্যাটার্জি ক্রিয়েশনে'র সঙ্গে চুক্তি বাতিল পরিবারের। বিস্ফোরক আরেক ছবির পরিচালক শঙ্কুদেব পণ্ডা।
Published By: Sandipta BhanjaPosted: 11:20 AM Aug 13, 2026Updated: 01:54 PM Aug 13, 2026

২০২৪ সালের অভয়া কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল বাংলা। রাজ্যে পালাবদলের পর সেই ঘটনা অবলম্বনে সিনেমা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda)পরিচালিত 'অভয়া শক্তি' (Abhaya Shakti) ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। অন্যদিকে অভয়া কাণ্ডের আধারে জয়াপ্রদাকে নিয়ে 'তিলোত্তমা' নামের একটি ছবি করতে উদ্যত হয়েছিলেন পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়ও। কিন্তু জুন মাসে এক সাংবাদিক বৈঠকে তিনি অভয়ার পরিবারের অসম্মতির কথা জানিয়ে ছবির নাম বদলে 'হীরক রানীর দেশে'র (পরিবর্তিত নাম) ঘোষণা করেন। এবার সেই সিনেনির্মাতাদের সঙ্গেই চুক্তি বাতিলের ঘোষণা করল আরজিকর নির্যাতিতার পরিবার।

Advertisement

"যারা এই সিনেমার চুক্তি দেখে বিভ্রান্ত হচ্ছেন, তাদের বলে দিই- এই চুক্তির কোনও সত্যতা নেই। উজ্জ্বল চ্যাটার্জি ক্রিয়েশনের সঙ্গে যে চুক্তি হয়েছিল, সেটা বাতিল করা হল।"

বুধবার রাতে ফেসবুক লাইভে অভয়ার বাবা জানান, "বলতে বাধ্য হচ্ছি, আমাদের অনুমোদন আছে দেখে, আমার মেয়ের নামে বড়পর্দায় ছবি বানানোর চেষ্টা করা হচ্ছে। তাদের সাবধান করতে চাইছি, এই যে চুক্তিটা দেখাচ্ছেন, এটা বাতিল হয়ে গিয়েছে। যারা এই সিনেমার চুক্তি দেখে বিভ্রান্ত হচ্ছেন, তাদের বলে দিই- এই চুক্তির কোনও সত্যতা নেই। উজ্জ্বল চ্যাটার্জি ক্রিয়েশনের সঙ্গে যে চুক্তি হয়েছিল, সেটা বাতিল করা হল।" এপ্রসঙ্গে সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে যোগাযোগ করা হয় শঙ্কুদেব পণ্ডার সঙ্গে। কারণ মাসকয়েক আগেই 'অভয়া শক্তি' নামে সিনেমাটির ঘোষণা করেছিলেন তিনি। অভয়ার বাবার সিদ্ধান্তে সম্মতি জানিয়ে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন বিজেপি নেতা তথা পরিচালক। 

"ভোটের আগে ছবিটা করলে তার গুরুত্বও বেড়ে যেত। কিন্তু সেসময়ে উজ্জ্বলবাবু ছবিটা নিজেও তৈরি করেননি, কাউকে করতেও দেননি। আমার দৃঢ় বিশ্বাস, নিশ্চয়ই তৃণমূলের সঙ্গে ওঁর কোনও সেটিং আছে!..." 

শঙ্কুদেবের কথায়, "অভয়ার পরিবারের তরফে নির্বাচনের আগে উজ্জ্বল চ্যাটার্জি নামে জনৈক ব্যক্তিকে সিনেমাটা করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতেই আমরা আশা করেছিলাম, ভোটের আগেই ছবিটা রিলিজ করা হবে। জয়াপ্রদাকে নিয়ে সিনেমা ঘোষণা করলেন। ভোটের আগে ছবিটা করলে তার গুরুত্বও বেড়ে যেত। কিন্তু সেসময়ে উজ্জ্বলবাবু ছবিটা নিজেও তৈরি করেননি, কাউকে করতেও দেননি। আমার দৃঢ় বিশ্বাস, নিশ্চয়ই তৃণমূলের সঙ্গে ওঁর কোনও সেটিং আছে! নিশ্চয়ই তৃণমূলের সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়েছিল, নাকি উনি ভোটের রেজাল্ট দেখার জন্য বসেছিলেন যে, কে ক্ষমতায় আসবে, তারপর ছবিটা বানাব। এবার তো অভয়ার পরিবার থেকেও অনুমতি তুলে নেওয়া হল।" পাশাপাশি নিজের সিনেমা 'অভয়া শক্তি' নিয়ে শঙ্কুদেব পণ্ডার সংযোজন, "আমি যেহেতু অভয়ার বায়োপিক বানাচ্ছি না, আমার ছবির ফোকাস মূল ঘটনা। আমাদের রিসার্চ টিম এরকম অনেক তথ্য ঘেঁটে বের করছে, যা অনেকেই জানেন না। সেগুলোই ছবিতে তুলে ধরব।"

উল্লেখ্য, জুন মাসের গোড়াতেই গোটা টিম নিয়ে সাংবাদিক বৈঠক করে উজ্জ্বল চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, "আমার হঠাৎ মনে হয়েছে 'তিলোত্তমা' ছবিটা করব না। তাই মত পরিবর্তন করেছি। এই একই জিনিস আমার ঘটেছিল 'এসকেপ ফ্রম তালিবান'-এর সময়ও। পরিবারের তরফে আমাকে প্রথমে কনসেন্ট দেওয়া হয়েছিল। তবে এই মুহূর্তে তাঁরা চাইছেন না। আমি একজন মায়ের সিদ্ধান্তকে সম্মান করি।" যদিও সেসময়ে সংশ্লিষ্ট ইস্যুতে কোনও প্রতিক্রিয়া দেয়নি অভয়ার পরিবার, তবে বুধবার রাতে 'উজ্জ্বল চ্যাটার্জি ক্রিয়েশনে'র সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করলেন নির্যাতিতার বাবা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement