shono
Advertisement
Taal 2

২৭ বছর পর 'তাল'-এর সিক্যুয়েল! চিত্রনাট্য তৈরির পরও কোন সমস্যায় পরিচালক সুভাষ ঘাই?

নয়ের দশকের সিনেপ্রেমীদের চাহিদার কথা মাথায় রেখেই 'তাল ২' নিয়ে ভাবছেন পরিচালক? সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যমে সুভাষ ঘাইয়ের একটি প্রশ্নই 'তাল টু' নিয়ে জল্পনা উসকে দিয়েছে।
Published By: Kasturi KunduPosted: 12:10 PM Apr 27, 2026Updated: 12:10 PM Apr 27, 2026

হাল ফ্যাশনের চিত্রনাট্য, ভিএফএক্সের বাড়বাড়ন্ত আর দক্ষিণী ছবির ভিড়েও নয়ের দশকের ছেলেমেয়েরা নস্ট্যালজিয়ায় ভর করে বাঁচতে ভালোবাসে বললে অত্যুক্তি হবে না। কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। ঠিক সেইরকমই নয়ের দশকের সিনেমাগুলো টেলিভিশনের পর্দায় যখন বিভিন্ন সময় ফিরে আসে তখন দর্শকমনেও দোলা দেয়। সিক্যুয়েলের যুগে যদি সেই কাল্ট ক্লাসিক ছবিগুলির দ্বিতীয়ভাগ তৈরি হয়! 

Advertisement

১৯৯৯ সালে পরিচালক সুভাষ ঘাইয়ের নির্দেশনায় মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার মুভি 'তাল'। অক্ষয় খান্না, ঐশ্বর্য রাই বচ্চন ও অনিল কাপুরের সম্পর্কের সমীকরণে মন মজেছিল দর্শকের। নয়ের দশকের সিনেপ্রেমীদের চাহিদার কথা মাথায় রেখেই 'তাল ২' নিয়ে ভাবনাচিন্তা করছেন পরিচালক? দীর্ঘ ২৭ বছর পর তৈরি হবে 'তাল টু'? সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যমে সুভাষ ঘাইয়ের একটি প্রশ্নই 'তাল টু' নিয়ে জল্পনা উসকে দিয়েছে। তিনি জানতে চেয়েছেন আজকের দিনে 'তাল টু' তৈরি সম্ভব?

আসছে 'তাল টু'?

সুভাষ ঘাইয়ের মতে, 'তালের চিত্রনাট্যে না ছিল কোনও ভিলেন, কোনও যৌনতার ছোঁয়া বা হিংসা। জেন জি এই গল্প কতটা পছন্দ করবে? আমরা স্ক্রিপ্ট প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। এখন মনে হচ্ছে এটা হয়তো সঠিক সময় নয়।'

৮১ বছর বয়সী নির্মাতা জানিয়েছেন, 'আমি যে পোস্টটা শেয়ার করেছি সেটা একটা প্রশ্ন মাত্র। এর উত্তর দর্শকরাই দেবেন। গত ১৫ বছর ধরে আমি একটা প্রশ্নের মুখোমুখি হচ্ছি, আপনি আবার কবে তাল বানাবেন? সেই তালের এনার্জি এতটাই শক্তিশালী যে জেন জি-ও আমাকে তালের দ্বিতীয়ভাগ বানানোর অনুরোধ করছে। কিন্তু বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে ততটাই কঠিন। আমরা স্ক্রিপ্ট প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। এখন মনে হচ্ছে এটা হয়তোসঠিক সময় নয়।'

'তাল টু' নিয়ে জল্পনা

আরও যোগ করেছেন, 'যখন তাল তৈরি হয়েছিল,তখন অক্ষয় খান্না আর ঐশ্বর্য রাই বচ্চন দুজনেই ইন্ডাস্ট্রিতে সদ্য পা রেখেছিলেন। সেই কারণেই পর্দায় তাঁদের প্রেমের গল্পের বুনোট দর্শকের হৃদয় স্পর্শ করেছিল। একইরকমভাবে অনিল কাপুর তখন একজন অভিজ্ঞ অভিনেতা। ওঁর চরিত্রটিকেও সেইভাবেই উপস্থাপন করা হয়েছিল। একটা ভালো স্ক্রিপ্ট লেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল সঠিক কাস্টিং। আমার যে ছবিগুলো বক্স অফিসে খারাপ ব্যবসা করেছিল তার প্রধান কারণ ছিল ভুল কাস্টিং।'

ইনস্টাগ্রামে নিজের পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন, তালের চিত্রনাট্যে না ছিল কোনও ভিলেন, কোনও যৌনতার ছোঁয়া বা হিংসা। জেন জি এই গল্প কতটা পছন্দ করবে সেটা নিয়েই ধন্দে পরিচালক সুভাষ ঘাই।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement