গ্ল্যামার দুনিয়ার তারকা মানেই মাথা থেকে পা পর্যন্ত পারফেক্ট থাকা বাধ্যতামূলক! উনিশ থেকে বিশ হলেই 'টার্গেট'! সেলিব্রিটিদের 'ওয়ারড্রব ম্যালফাংশন' বা পোশাক বিভ্রাটের নজির প্রায়ই উঠে আসে চর্চার আঙিনায়। এবার আলোচনার কেন্দ্র 'জুতো বিভ্রাট'। নেপথ্যে ২২০ কোটি টাকা সম্পত্তির মালিক সানি দেওল (Sunny Deol)। হ্যাঁ, একদমই তাই। শুনতে অবাক লাগলেও এটাই ঘোর বাস্তব। সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে সানির ছেঁড়া জুতোর ছবি ও ভিডিও।
বলিউডের হেভিওয়েট সেলেব সানি দেওলের জুতোর এই হাল দেখে তাজ্জব বনে গিয়েছে নেটভুবন। সুপারস্টারের এহেন 'দুর্দশা' দেখতে হবে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি সানি ভক্তরা! জুতোর ভিডিও ভাইরাল হতেই সোশাল পাড়ায় কমেন্টের বন্য়া। কোটি কোটি টাকার মালিক-সুপারস্টার জীর্ণ জুতো পরে জনসমক্ষে, এটা মেনে নিতে একটু বেগ পেতে হচ্ছে ঠিকই তবে সানির এই ক্যাজুয়াল ইমেজ প্রশংসিতও হচ্ছে।
প্রসঙ্গত, সানি দেওলের আগামী ছবি 'ইক্কা'। আগামী ১০ জুলাই মুক্তি পাবে নেটফ্লিক্সে। সেই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা। তখনই সেলেব প্যাপেদের ক্যামেরায় ধরা পড়ে জুতোর হিলের জায়গার খয়ে যাওয়া অংশ। এই ভিডিও দেখে নেটপাড়ায় নানা মুনির নানা মত। কেউ বলছেন, তাড়াহুড়োয় খেয়াল করেননি তো কারও মতে, অনুষ্ঠানে যোগ দেওয়া তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।
তারকার খুঁত ধরা পড়েছে বলে কথা, বিষয়টা নিয়ে গভীরে না গেলে হবে! ঠিক সেই কারনেই নেটপাড়ায় জুতোয় দাম নিয়েও চর্চা শুরু। অনেকে তো আবার বলতে শুরু করেছেন প্রয়াত ধর্মেন্দ্রর জুতো পরে নাকি অনুষ্ঠানে এসেছিলেন সানি। যদিও এবিষয়ে সানি দেওল কোনও প্রতিক্রিয়া দেননি।
