shono
Advertisement
Talwiinder

অপারেশন সিঁদুরের অপমান! পাক শিল্পীর সঙ্গে মঞ্চ ভাগ করতেই কটাক্ষ দিশার 'প্রেমিক' তালবিন্দরকে

টরেন্টোর কনসার্টে পাক শিল্পী হাসান রহিমের সঙ্গে সৌহার্দ্য প্রদর্শনের পর পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। নেটভুবনে সমালোচনার শিকার গায়ক। নিন্দুকদের যোগ্য জবাব দিলেন?
Published By: Kasturi KunduPosted: 02:23 PM May 12, 2026Updated: 02:49 PM May 12, 2026

সৌভ্রাতৃত্বের বার্তা দিতে গিয়েই বিপাকে পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধু। সম্প্রতি কানাডার টরন্টোতে কনসার্টে পাকশিল্পী হাসান রহিমের সঙ্গে মঞ্চ ভাগ করেছেন। শুধু তাই নয়, হাসান রহিমকে বুকে আগলে তালবিন্দরের মন্তব্য, "সীমান্তে বিভক্ত হলেও আমরা এক সুরের সুতোয় বাঁধা।" পালটা ভারতীয় গায়কের উদ্দেশে সৌভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন পাকশিল্পীও। হাসানের মন্তব্য, 'তালবিন্দর আমার আরেক মায়ের সন্তান।' সোশাল মিডিয়ায় সেই আবেগঘন মুহূর্ত ছড়িয়ে পড়তেই দ্বিধাবিভক্ত সমাজমাধ্যম। সীমান্ত, হানাহানির রক্তচক্ষুকে উড়িয়ে দুই দেশের দুই গায়কের এহেন মন্তব্যে একদিকে যেমন প্রশংসার জোয়ার, তেমনই আবার কটাক্ষে বিদ্ধ পাঞ্জাবি গায়ক তালবিন্দর।

Advertisement

'শত্রুদেশ' পাকিস্তানের শিল্পীর সঙ্গে সৌহার্দ্য প্রদর্শন মোটেই মেনে নিতে পারছে না ভারতীয়দের একাংশ। পাক শিল্পীর প্রতি তালবিন্দরের এমন উদার মানবিকতা প্রদর্শন নিয়ে প্রশ্ন উঠেছে নেটভুবনে। প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর থেকে ভারতে নিষিদ্ধ পাক শিল্পীরা। পাকিস্তানি শিল্পীর সঙ্গে জোট না বাঁধার বার্তাও দেওয়া হয়েছিল ভারতীয় শিল্পীদের। এহেন পরিস্থিতিতে হাসানের সঙ্গে তলবিন্দরের বন্ধুত্বপূর্ণ আচরণে বিতর্কের সূত্রপাত।

এক নেটাগরিকের প্রশ্ন , 'অপারেশন সিঁদুর’ নিয়ে এই হাসান রহিম  মশকরা করেছিলেন। তাঁরই অনুষ্ঠানে তলবিন্দর! পঞ্জাবিদের একাংশ কেন পাকিস্তানিদের এত ভালবাসে?' তলবিন্দরকে ‘জোকার’ বলে কটাক্ষ করে অপর এক ব্যক্তি লিখেছেন, 'এটা ঠাট্টা ইয়ার্কির বিষয় নয়। আমাদের দেশের সম্মান জড়িত।' যদিও এখনও পর্যন্ত সমালোচনার কোনও কড়া জবাব দেননি গায়ক। সম্প্রতি কানাডার টরন্টোতে কনসার্ট করেছেন তালবিন্দর সিং সিধু। যে শোয়ে শ্রোতা-অনুরাগীদের কাছে বড় ‘সারপ্রাইজ’ ছিলেন পাকশিল্পী হাসান রহিম।

উল্লেখ্য, এর আগে 'উইশেস' গানে হাসানের সঙ্গে কোল্যাব করেছিলেন তালবিন্দর। সেই গান নবীন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়ও হলেও এযাবৎকাল তালবিন্দর-হাসান একসঙ্গে কোনও মঞ্চে 'উইশেস' গানটি পরিবেশন করেননি। তবে এই প্রথমবার টরোন্টোর কনসার্টে পাকশিল্পীর সঙ্গে সেই গান গেয়ে ঝড় তুললেন দিশা পাটানির চর্চিত প্রেমিক। 'টরন্টোই আমাদের ইচ্ছেপূরণ করল' মন্তব্যে মুখরিত সঙ্গীতমহল। প্রশংসার জোয়ারে ভেসে কেউ বললেন, ‘এটাই হচ্ছে প্রকৃত শিল্পীর মন-মানসিকতা।’ কারও মন্তব্য, ‘সঙ্গীতই পারে শত্রুতা রুখে ভারত-পাকিস্তান দুই দেশের শিল্পীদের একমঞ্চে আনতে।’

এহেন নানা মন্তব্যে ছেয়ে গিয়েছে সৌহার্দ্যের বার্তা দেওয়া তালবিন্দরের পোস্ট। পাঞ্জাবি গানের সঙ্গে হিপহপ, আরঅ্যান্ডবি, ট্র্যাপ এবং সিন্থ-পপের মিশ্রণ ঘটিয়ে বিশ্বজুড়ে খ্যাতিলাভ করেছেন গায়ক। সেই প্রেক্ষিতে দেশের গণ্ডি পেরিয়েও তালবিন্দরের অনুরাগীর সংখ্যাও নেহাত মন্দ নয়! কৃতী স্যাননের বোন নুপূরের বিয়ের আসর থেকেই দিশা-তালবিন্দরের প্রেমের জল্পনার সূত্রপাত।

যেখানে নজর কাড়ে নতুন প্রেমিকের সঙ্গে বলিউড ‘বম্বসেলে’র মাখোমাখো রসায়ন। যে জল্পনাযজ্ঞে আরও ঘৃতাহূতি দিয়েছিল দিশার প্রিয় বান্ধবী মৌনী রায়ের সঙ্গে তালবিন্দরের এক ভিডিও। যেখানে দেখা যায়, পাপারাজ্জিদের ফ্ল্যাশের ঝলকানি থেকে পাঞ্জাবি গায়ককে বাঁচাতে প্রাণপণ ছুটছেন মৌনী! এমনকী নুপূর স্যাননের বিয়ের ককটেল পার্টিতেও মৌনী ও তাঁর স্বামী সূরয নাম্বিয়ারের সঙ্গে খোশগল্প করতে দেখা গিয়েছে দিশা-তালবিন্দরকে। আর সেসব ফ্রেমবন্দি মুহূর্ত নিয়েই বিটাউনে চর্চার অন্ত নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement