সাল ২০১৯, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর হাত ধরে বলিউডে আরও এক নতুন প্রতিভার আবির্ভাব। এরপর বেশ কিছু ছবিতে কাজ করেছেন। বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কের ভাঙা-গড়া থেকে এই মুহূর্তে আদিত্য রয় কাপুরের সঙ্গে 'আশিকি' নিয়ে এখন চর্চার কেন্দ্রে। ২০২৬-এ কানের (Cannes Film Festival 2026) রেড কার্পেটেও নাকি গ্ল্যামারের দ্যুতি ছড়াবেন। তিনি আর কেউ নন, বিটাউনের গর্জিয়াস লেডি তারা সুতারিয়া (Tara Sutaria)। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করবেন তারা। ১২ মে থেকে শুরু হয়ে গেল সিনেদুনিয়ার সেই মহোৎসব। আর ঠিক তার আগের রাতেই বিমানবন্দরে সেলেব পাপারাজ্জিদের লেন্সবন্দি তারা সুতারিয়া। আসন্ন ছবি 'টক্সিক' মুক্তির আগে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তারার আবির্ভাব নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে নতুন মাইলস্টোন তৈরি করবে তা বলার অপেক্ষাই রাখে না।
কানের লাল গালিচায় দেশ বিদেশের তারকাদের চোখ ধাঁধানো ফ্যাশনের দিকেই নজর থাকে সকলের। তারা সুতারিয়ার ফ্যাশনেও নাকি থাকছে বিশেষ চমক। হলিউডের স্বর্ণযুগের চিরন্তন গ্ল্যামারকেই আন্তর্জাতিক মঞ্চে মেলে ধরবেন তারা সুতারিয়া! সম্প্রতি ইনস্টা স্টোরিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছিলেন যেখান থেকেই কানের মঞ্চে তারার সারপ্রাইজ নিয়ে জল্পনার সূত্রপাত। কিংবদন্তি হলিউড তারকা এলিজাবেথ টেলারের একটি দুর্লভ ছবির সঙ্গে যে ক্যাপশনটি দিয়েছিলেন তা থেকেই প্রাথমিক ধারণা তিনি হালফ্যাশনের ট্রেন্ডের বদলে পুরনো দিনের ঐতিহ্যবাহী সাবেক সাজেই বেশি স্বচ্ছন্দ্য।
হলিউড তারকা এলিজাবেথ টেলার
উল্লেখ্য, এলিজাবেথ শুধু তাঁর অভিনয়ের জন্যই নয় ঐতিহাসিক গয়নার সম্ভার ও অতুলনীয় স্টাইলের জন্যও বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলেন। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, তারা সুতারিয়ার হাত ধরে কানের মঞ্চে মূলত পাঁচ ও ছয়ের দশকের চিরন্তন গ্ল্যামারের প্রত্যাবর্তন ঘটবে। তারা সুতারিয়া নিজেও পুরনো দিনের সাজসজ্জার প্রতি ভীষণভাবে আকৃষ্ট। তাই প্রথমবার কানের লাল গালিচায় নতুনের মোড়কে হলিউডের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগী।
কানের পথে তারা!
তারা এবং তাঁর স্টাইলিস্ট এই লুক নিয়ে বহু নিরীক্ষা করেছেন। আন্তর্জাতিকস্তরে তাঁর উপস্থিতি যেন প্রকৃতঅর্থে নিজস্ব স্টাইলের প্রতিফলন হয়ে ওঠে সেটাই একমাত্র লক্ষ্য বলি ডিভা তারা সুতারিয়ার। শোনা যাচ্ছে, 'টক্সিক'-এর ‘রেবেকা’চরিত্রের ঝলকও তুলে ধরতে পারেন কানের রেড কার্পেটে। একাধারে অভিনেত্রী ও শৈল্পিক সত্ত্বার নিখুঁত প্রতিফলন দেখা যেতে পারে কান চলচ্চিত্র উৎসবে।
