shono
Advertisement
Amitabh Bachchan

খলিস্তানিদের 'টার্গেট' এবার অমিতাভ বচ্চন! বিগ বি'র নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন একাধিক কেন্দ্রীয় সংস্থা

দিলজিৎকে হুমকি পর 'নয়া বিপদ'! বচ্চনের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় কেন্দ্রীয় সংস্থা।
Published By: Sandipta BhanjaPosted: 12:40 PM Oct 31, 2025Updated: 12:40 PM Oct 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করায় খলিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠী 'শিখস ফর জাস্টিস' (এসএফজে)-এর নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ। গায়ক-অভিনেতাকে 'ভাতে মারা'র হুমকি দিয়েছে ওই সংগঠন। এমন আবহে সিনিয়র বচ্চনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সংস্থা। তাদের আশঙ্কা, খলিস্তানিদের 'পরবর্তী টার্গেট' হতে পারেন অমিতাভ। তাই বিগ বি'র উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় সংস্থাগুলি।

Advertisement

সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি'র এক পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। সেখানেই বলিউড শাহেনশার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে দেখা যায় তাঁকে। আর সেই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছে খলিস্তানপন্থী এসএফজে গোষ্ঠী। তাদের দাবি, অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করে সমগ্র শিখ সম্প্রদায়কে কালিমালিপ্ত করেছেন গায়ক-অভিনেতা। এপ্রসঙ্গে তারা টেনে এনেছে আটের দশকের শিখ গণহত্যার প্রসঙ্গ। যেসময়ে দিল্লির মসনদে ছিল কংগ্রেস। আর রাজীব গান্ধীর বন্ধু হিসেবে হাত শিবিরের সঙ্গে বচ্চনের ঘনিষ্ঠতার কথা কারোরই অজানা নয়! একসময়ে কংগ্রেসের টিকিটেই অমিতাভ লোকসভা ভোটে জিতে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। যদিও বছর তিনেক বাদে রাজনীতির মোহভঙ্গ হয় অমিতাভের। তবে সেসময়ে 'রক্তের বদলে রক্ত' রব তুলেছিলেন খোদ বিগ বি। সম্প্রতি সেই অতীত প্রসঙ্গ টেনেই দিলজিৎকে সতর্ক করেছে সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী।

এক বিবৃতিতে এসএফজে সংগঠনের প্রধান বলেন, "অমিতাভের এই মন্তব্যের জন্যে সেসময়ে ৩০ হাজার শিখের মৃত্যু হয়েছিল ভারতে। গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন খোদ বচ্চন। আজ তাঁর পা ছুঁয়ে প্রণাম করে দিলজিৎ দোসাঞ্ঝ ১৯৮৪ সালের সেসব নিহত মানুষ, তাঁদের বিধবা, অনাথ শিশুকে অসম্মান করেছেন। তাই পয়লা নভেম্বর দিলজিতের অস্টেলিয়ার কনসার্ট বন্ধ করা হোক।" আর খলিস্তানি জঙ্গি গোষ্ঠীর এহেন হুঁশিয়ারিতেই সিনিয়র বচ্চনের নিরাপত্তা নিয়ে সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্রীয় সংস্থাগুলি। সূত্রের খবর, নিরাপত্তাবলয় ভেঙে বিগ বি'র উপর যাতে কোনও হামলা না হয়, সেবিষয়ের উপর কড়া নজর রাখা হচ্ছে। কেন্দ্রীয় সংস্থাগুলির অনুমান, খুব শিগগিরি অমিতাভও হুমকির মুখে পড়তে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করায় খলিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠী 'শিখস ফর জাস্টিস' (এসএফজে)-এর নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ।
  • এমন আবহে সিনিয়র বচ্চনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সংস্থা।
  • তাদের আশঙ্কা, খলিস্তানিদের 'পরবর্তী টার্গেট' হতে পারেন অমিতাভ।
Advertisement