shono
Advertisement
Tuhina Das

'প্রতিভা থাকলে মুম্বইয়ে কাজ পাওয়া যায়', 'ক্লিন আপ কোম্পানি' নিয়ে অকপট তুহিনা

'ক্লিন আপ কোম্পানি' সিরিজে রয়েছেন তুহিনা দাস। তার আগে একান্ত সাক্ষাৎকারে স্পষ্ট করলেন, কলকাতায় পারিশ্রমিক কম।
Published By: Kasturi KunduPosted: 08:52 AM Aug 21, 2026Updated: 04:31 PM Aug 21, 2026

অপর্ণা সেনের পরিচালনায় 'ঘরে বাইরে আজ' ছবিতে নজর কেড়েছিলেন তিনি। জাতীয় পুরস্কার জয়ী পরিচালকের সঙ্গে কাজ তাঁর কেরিয়ারে গ্ল্যামার যোগ করেছিল। তিনি তুহিনা দাস (Tuhina Das)। এর পর কিছু সিরিজ এবং ছবিতে কাজ করলেও তাঁকে মলাটচরিত্রে পাওয়া যায়নি। মাঝে মুম্বইয়ে ভাগ্য পরীক্ষা করেছেন। আজ আমাজন এমএক্স প্লেয়ার-এ মুক্তি পাচ্ছে তুহিনা অভিনীত ওয়েব সিরিজ 'ক্লিন আপ কোম্পানি'। রোহন ঘোষের পরিচালনায় এই সিরিজে তুহিনা ছাড়াও একাধিক বাঙালি অভিনেতা রয়েছেন।

Advertisement

এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ।তুহিনার কথায়, 'আমাদের রিইউনিয়ন হয়েছে। যিশুদার সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। এ ছাড়াও অপুদার সঙ্গে আগে কাজ করেছি। আমরা সেটে বাংলায় কথা বলেছি। প্রচুর বাঙালি টেকনিশিয়ানও ছিলেন।' এই সিরিজে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ অনিন্দিতা রায়চৌধুরিও। শুরুর দিকে নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেও তুহিনাকে কলকাতায় বাংলা প্রোজেক্টে খুব বেশি পাওয়া যায়নি।

তাই তিনি মুম্বইয়ে পাড়ি জমিয়েছেন। অডিশন দিয়ে মুম্বইয়ে নিজের কাজের জায়গা পাকা করেছেন। 'ক্লিন আপ কোম্পানি'-তেও অডিশন দিয়েই সুযোগ মিলেছিল তুহিনার। তাঁর কথায়, 'এই কাজটাও আমি অডিশন দিয়েই পেয়েছি। মুম্বইয়ে সব কাজ অডিশন দিয়েই পেতে হয়। আমার মনে আছে বছরখানেক আগে স্বস্তিকাদি (স্বস্তিকা মুখোপাধ্যায়) মুম্বইয়ে এসে অডিশন দিয়েই কাজ পেয়েছিলেন। প্রতিভা থাকলে, অডিশন দিলে মুম্বইয়ে কাজের পরিধি অবশ্যই বেড়ে যায়।'

কলেজে পড়াকালীন মেদিনীপুর থেকে কলকাতায় এসেছিলেন তুহিনা। চোখে ছিল অভিনয়ের নেশা। তুহিনা বললেন, 'কয়েকটা কাজ করলেও বড় অফার পাইনি। এর মাঝেই আসে কোভিড। সেই সময় দিনের পর দিন কাজ ছিল না। তখন আমি ভয়েস ওভার আর্টিস্টের কাজ করতাম। এমনকী, মুম্বইয়ে আসার পরেও অডিশনের পাশাপাশি আমি প্রচুর ভয়েস ওভারের কাজ করি। কারণ সারভাইভ করার জন্য অর্থ দরকার। ভয়েস ওভারের কাজ আমাকে আর্থিক সহায়তা দিয়েছে।'

টলিউড এবং বলিউড ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশগত এবং পরিকাঠামোগত ফারাক নিয়েও অকপট অভিনেত্রী। তুহিনা আরও যোগ করলেন, 'কলকাতায় কাজের পরিবেশ অন্যরকম। সেই জায়গায় মুম্বই অনেকটা এগিয়ে। প্রথমত, বাজেট। কলকাতায় এখনও কাজ করিয়ে টাকা না দেওয়ার প্রবণতা রয়েছে বা কম টাকায় বেশি খাটিয়ে নেওয়ার প্রবণতা।' এরপর বাংলা ও হিন্দিতে আরও কাজ করতে প্রত্যয়ী তুহিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement