আদিত্য ধরের নির্দেশনায় হামজা আলি মাজারের ভূমিকায় 'ধুরন্ধর' রণবীরের কেরিয়ারের 'ইউ টার্ন' তা বললে অত্যুক্তি হবে না। আগামী ১০ জুলাই জাপানে মুক্তি পাবে আদিত্যর ছবি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার। 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজির দুটি ভাগই বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে। রণবীরের অভিনয় সব মহলেই প্রশংসিত। রোম্যান্টিক থেকে কমেডি নায়কের মোড়ক ছেড়ে ধুঁয়াধার অ্যাকশন দৃশ্যে ঝড় তুলেছেন। তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ সিনেপ্রেমীরা। ইন্ডাস্ট্রির কানাঘুষো, পরিচালক আদিত্য ধর 'ধুরন্ধর'-এর সাফল্যের মাঝেই পরবর্তী ছবির ভাবনা শুরু করে দিয়েছেন। শুধু 'হামজা'র সম্মতির অপেক্ষা। তবুও রণবীরে (Ranveer Singh) আস্থা নেই 'শক্তিমান' মুকেশ খান্নার (Mukesh Khanna)।
টিআরপি চার্টে একচেটিয়া রাজত্ব করা সেই দাপুটে সিরিয়ালের বড়পর্দায় আসার কথা ছিল রণবীর সিংয়ের হাত ধরে। এমনকী পঁচিশ সালে এই সুপারহিরো সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনাও করে ফেলেছিলেন নির্মাতারা। কিন্তু বাদ সাধেন মুকেশ। রণবীর সিংকে তিন ঘণ্টা নিজের অফিসে বসিয়ে রেখেও ছাড়পত্র দেননি প্রবীণ অভিনেতা! 'ধুরন্ধর'-এর জন্য রণবীরকে ফুল মার্কস দিলেও শক্তিমান হিসেবে কেন মেনে নিতে পাকরছেন না মুকেশ?
মুকেশ বলেন, "শুধু অভিনেতা হলেই চলবে না এমন একটা মুখ প্রয়োজন যেখানে শক্তিমানকে নিঁখুতভাবে ফুটিয়ে তোলা যাবে। আমি রণবীরকে কিলবিশের চরিত্রের জন্য প্রস্তাব দিতে পারি, কিন্তু শক্তিমান নয়। কারণ পজিটিভিটির লেশমাত্র নেই।"
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রবীণ অভিনেতা বলেন, "আমাকে বহুবার বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ধুরন্ধর হিট সিনেমা আর রণবীর সিংও বড়মাপের অভিনেতা। কিন্তু আমি শক্তিমানের জন্য কোনও বড় তারকা চাই না। আমি এমন একটা ইমেজ চাই, যা রণবীরের মধ্যে নেই। সেই কারণেই আমি বিরোধিতা করেছি। আমি ওঁর অভিনয়ের বিরুদ্ধে নই।"
শক্তিমানের চরিত্রে কেন রণবীরে সন্তুষ্ট নন মুকেশ?
আপত্তির কারণ ব্যাখ্যা করে বলেন, "রণবীরের মুখে নেগেটিভিটির ছোঁয়া আছে। ও আলাউদ্দিন খিলজি করতে পারে, গাল্লি বয় করেছে, ধুরন্ধর-এ দারুণ কাজ করেছে—আমি প্রশংসাও করেছি। কিন্তু আমার মতে শক্তিমান হতে গেলে শুধু অভিনেতা হলেই চলবে না একটা এমন মুখও দরকার যেখানে শক্তিমানকে নিঁখুতভাবে ফুটিয়ে তোলা যাবে। আমি রণবীরকে কিলবিশের চরিত্রের জন্য প্রস্তাব দিতে পারি, কিন্তু শক্তিমান নয়। পজিটিভিটির লেশমাত্র নেই।" বহু বাধা সত্ত্বেও 'শক্তিমান'কে বড় পর্দায় আলো দেখাতে বদ্ধপরিকর মুকেশ। কাজ শুরুতে বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থী অভিনেতা।
