শোয়েব আখতারের রান আপ: তিরিশ থেকে চল্লিশ গজ। মাইকেল হোল্ডিংয়ের রান আপ: মোটামুটি একই ছিল। তিরিশ থেকে চল্লিশ গজ। বব উইলিস: পঁয়ত্রিশ গজের কাছাকাছি। ক্রিকেট ইতিহাসের ভয়াল ফাস্ট বোলাররা শুধু তাঁদের বলের গতির কারণে চর্চায় থাকতেন না। থাকতেন, তাঁদের লম্বা রান আপের কারণেও। যেমন শোয়েব। যেমন হোল্ডিং কিংবা উইলিস। কিন্তু এঁরা কেউ-ই ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটার স্যাম বোডোয়ানোর আশেপাশে থাকবেন না। সম্ভবই নয়।
ইংরেজ ক্রিকেটার যে একটা বল করতে ছুটলেন একশো কিলোমিটার! ৬২ মাইল! লর্ডস থেকে সারে পর্যন্ত বিস্তৃত হল তাঁর রান আপ! অদ্ভুত লাগবে শুনতে। কিন্তু আদতে এটা কোনও কল্প কাহিনি নয়। প্রখর বাস্তব। যেখানে সত্যি সত্যিই একজন ইংলিশ ক্লাব ক্রিকেটার একশো কিলোমিটার দৌড়ে বল করলেন গিনেস বুকে নাম তুলতে!
ব্রিটিশ মিডিয়ার খবর অনুযায়ী, গত শনিবার এই কাণ্ড ঘটান বাইশ বছরের বোডোয়ানো। যিনি ইংল্যান্ডের ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি এনডিওরেন্স অ্যাথলিটও বটে। লর্ডস থেকে পুরোদস্তুর সাদা পোশাকে দৌড় শুরু করে পরের দিন, সারের ভ্যালি এন্ড ক্রিকেট ক্লাবে পৌঁছন। চোদ্দো ঘণ্টা দৌড়ে! হাতে লাল বল নিয়ে। এবং পৌঁছে ইলেভেন সাইড ম্যাচে প্রথম ডেলিভারিটা করেন! বাকি ম্যাচও খেলেন তার পর।
গিনেস কর্তৃপক্ষের থেকে এখনও সরকারি ভাবে জানানো হয়নি, সবচেয়ে লম্বা রান আপে বল করার রেকর্ড বোডোয়ানোর নামে থাকবে কি না। তারা সমস্ত কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। তবে অনেকেই মনে করছেন, দীর্ঘতম রান আপের রেকর্ড (পনেরো মাইল), যা রয়েছে টম ডানের নামে, সেটাকে ইতিমধ্যে ভেঙে দিয়েছেন বোডোয়ানো। নাহ্, সত্যিই এ জগতে এমন অনেক কিছুই ঘটে, বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না!
