shono
Advertisement
Asia Cup trophy

চ্যাম্পিয়ন ভারতকে বারবার অপমান! নকভিকে শাস্তি দিতে বিরাট বয়কটের ডাক বিশ্বজয়ীর

কথায় বলে স্বভাব যায় না মলে। পাক বোর্ডের প্রধান মহসিন নকভির ক্ষেত্রে এই কথা ভীষণভাবে খেটে যায়। তাঁর অঙ্গুলিহেলনে বারবার ট্রফি থেকে বঞ্চিত থেকে যাচ্ছে ভার‍তীয় দল।
Published By: Anwesha AdhikaryPosted: 06:42 PM Sep 14, 2026Updated: 06:42 PM Sep 14, 2026

কথায় বলে স্বভাব যায় না মলে। পাক বোর্ডের প্রধান মহসিন নকভির ক্ষেত্রে এই কথা ভীষণভাবে খেটে যায়। গতবছর পুরুষদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের হাতে ট্রফি দেননি তিনি। এমনকী স্টেডিয়াম থেকে ট্রফি নিয়ে কার্যত পালিয়ে যান। এবার মহিলাদের এশিয়া কাপেও একই কাণ্ড ঘটিয়েছেন নকভি। তারপরই প্রশ্ন উঠছে, এহেন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট স্বয়ং। তারপরও কেন সেদেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক রাখবে ভারত? বিশ্বকাপজয়ী ক্রিকেটাররাও সরব হয়েছেন এই নিয়ে।

Advertisement

রবিবার দুবাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ম্যাচের শুরু থেকে গ্যালারিতে দেখা যায়নি নকভিকে। পাকিস্তান ফাইনালে উঠতে না পারায় তিনি হয়তো আসবেন না, এমনটাই মনে হয়েছিল। কিন্তু খেলার শেষ দিকে দেখা গেল, দেবজিৎ সাইকিয়া ও রাজীব শুক্লার ঠিক পিছনে বসে রয়েছেন তিনি। তখনই মনে হয়েছিল, গতবারের মতোই এবারও ট্রফি নিয়ে নাটক হতে পারে। ঠিক তেমনটাই হল। যেন নকভিও জানতেন, ভারত তাঁর হাত থেকে ট্রফি নিতে মঞ্চে আসবে না। এবং হলও তাই। মঞ্চেও পর্যন্ত রাখা হয়নি এশিয়া কাপের ট্রফি।

একের পর এক ম্যাচ খেলে চ্যাম্পিয়ন হচ্ছে ভারতীয় দল। যোগ্য দল হিসাবেই তাদের চ্যাম্পিয়ন ট্রফি প্রাপ্য। কিন্তু পাক বোর্ড প্রধানের অঙ্গুলিহেলনে বারবার ট্রফি থেকে বঞ্চিত থেকে যাচ্ছে ভার‍তীয় দল। সেটা ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীদের পক্ষে যথেষ্ট অসম্মানজনক। সেটা কেন বয়ে বেড়াবে ভারত? প্রশ্ন তুলে দিয়েছেন ১৯৮৩র বিশ্বজয়ী পেসার মদন লাল। এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আবারও সেই একই ঘটনা। সবকিছু যদি এভাবেই চলতে থাকে তাহলে পাকিস্তানের বিরুদ্ধে কোনও প্রতিযোগিতাতেই খেলা উচিত নয়।' বোর্ডকে এই নিয়ে ভাবতে অনুরোধ করেছেন তিনি।

উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর থেকেই বারবার ক্রিকেটপ্রেমীরা পাক বয়কটের ডাক দিয়েছেন। কিন্তু ভারতীয় দল হ্যান্ডশেকটুকু বয়কট করেছে। কিন্তু তারপর বারংবার ভারতীয় দলকে যোগ্য সম্মান থেকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে, তারপরেও কেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট চালিয়ে যাওয়া হবে? মাথাচাড়া দিচ্ছে প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement