shono
Advertisement
India Under-19 squad

ভারতীয় দলে সুযোগ পেয়ে গেলেন শেহওয়াগ-দ্রাবিড়ের পুত্র, শিকে ছিঁড়ল বঙ্গতনয়ের

নিজেদের যোগ্যতায় সুযোগ পেয়েছেন দুই কিংবদন্তি ক্রিকেটারের পুত্র।
Published By: Prasenjit DuttaPosted: 01:44 PM Aug 27, 2026Updated: 01:45 PM Aug 27, 2026

বাবারা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তি। এবার তাঁদের ছেলেদের সামনে নতুন ইনিংস শুরু করার পালা। বীরেন্দ্র শেহওয়াগের পুত্র আর্যবীর এবং রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয় জায়গা করে নিলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ জনের দলে রয়েছেন দু'জনই। লাল বলের দলে জায়গা পেয়েছেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার অভিপ্রায় বিশ্বাস।

Advertisement

আর্যবীর বিশেষজ্ঞ ব্যাটার। অন্বয় উইকেটরক্ষক-ব্যাটার। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাল্টি-ডে সিরিজের দলে তাঁদের রাখা হয়নি। দিল্লি প্রিমিয়ার লিগে ইতিমধ্যেই নজর কেড়েছেন আর্যবীর। তাঁর ব্যাটিংয়ে অনেকেই বাবার ছায়া দেখতে শুরু করেছেন। কভার ড্রাইভ, স্কোয়্যার ড্রাইভ কিংবা বড় শট - সবেতেই যেন শেহওয়াগের ছাপ। তবে তুলনা যতই হোক না কেন, দুর্ধর্ষ পারফরম্যান্স দিয়েই ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিয়েছেন তিনি। আর্যবীর প্রথম শিরোনামে আসেন বছর দুই আগে কোচবিহার ট্রফিতে। সেসময় ১৭ বছরের ব্যাটার দিল্লির হয়ে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। তারপর থেকে লাগাতার পেশাদার ক্রিকেট খেলছেন। এবার দিল্লি প্রিমিয়ার লিগে নজর কেড়ে সরাসরি সুযোগ অনূর্ধ্ব-১৯ দলে।

কর্নাটকের ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু দিন ধরেই পরিচিত নাম অন্বয়। স্কুল ক্রিকেট থেকেই তাঁর প্রতিভার কথা শোনা গিয়েছে। উইকেটের পিছনে যেমন দক্ষতা দেখিয়েছেন, তেমনই ব্যাট হাতেও নজর কেড়েছেন। দ্রাবিড় কিংবা শেহওয়াগ কেউই তাঁদের ছেলেদের ক্রিকেটজীবনে প্রভাব খাটানোর চেষ্টা করেননি। নিজেদের মতো করে খেলতে দিয়েছেন। সেই পথেই পরিশ্রম করে জায়গা করে নিয়েছেন আর্যবীর এবং অন্বয়। সম্প্রতি কর্নাটকের অনূর্ধ্ব-১৯ দলকে বিনু মাঁকড় ট্রফিতে নেতৃত্ব দিয়েছে অন্বয়। ব্যাট হাতেও বেশ সফল হয়েছে ১৭ বছর বয়সি এই ব্যাটার। মূলত মিডল অর্ডারে খেলে অন্বয়। ৬ ইনিংসে ২২০ রান আসে দ্রাবিড়পুত্রের ব্যাট থেকে। তার মধ্যে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৮২ রানে অপরাজিত ইনিংসও রয়েছে।

ভারতীয় ক্রিকেটে কিংবদন্তি বাবার পর ছেলে একই মঞ্চে পৌঁছেছেন, এমন নজির অবশ্য খুব বেশি নেই। লালা অমরনাথের পুত্র মহিন্দর অমরনাথ ভারতীয় ক্রিকেটে নিজস্ব পরিচয় তৈরি করে বিশ্বকাপও জিতেছেন। আবার সুনীল গাভাসকোর বা শচীন তেণ্ডুলকরের পুত্ররা বাবার মতো আন্তর্জাতিক ক্রিকেটে সেই উচ্চতায় পৌঁছতে পারেননি। তাই আর্যবীর ও অন্বয় কেমন খেলেন, সেদিকে স্বাভাবিক ভাবেই নজর থাকবে।

এই নতুন প্রজন্মের সঙ্গেই অনূর্ধ্ব-১৯ ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন বাংলার অভিপ্রায় বিশ্বাস। বাংলার বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে নজর কেড়েছেন তিনি। তাঁর ক্রিকেটজীবন গড়ে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কোচ সৌরাশিস লাহিড়ীর। অভিপ্রায়কে দলে সুযোগ পাওয়ার খবরও তিনিই দিয়েছেন বলে জানা গিয়েছে। বাংলা অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন অভিপ্রায়। কোচবিহার ট্রফি এবং বিজয় মার্চেন্ট ট্রফির মতো বয়সভিত্তিক প্রতিযোগিতায় শতরান-সহ একাধিক দুর্দান্ত ইনিংস খেলেছেন। বেঙ্গল প্রো টি-২০ এবং স্থানীয় ক্লাব ক্রিকেটেও তিনি সফল।

ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে স্কোয়াড
লক্ষ্য রাইচান্দানি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল (উইকেটরক্ষক), আর্যবীর শেহওয়াগ, ভিকে বিনীত, কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অন্বয় দ্রাবিড় (উইকেটরক্ষক), ভি যশবীর, রোহিত যাদব, শাভিন বিনোদ, মোহিত উলভা, চিগুরুপতি ভেঙ্কটা, কাব্য প্যাটেল।

ভারতের অনূর্ধ্ব-১৯ মাল্টি-ডে স্কোয়াড
যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রাইচান্দানি (সহ-অধিনায়ক), সাগর বির্ক, কুশাগ্র ওঝা, মানাল চৌহান, কুশ প্যাটেল, মানব কৃষ্ণ (উইকেটরক্ষক), অভিপ্রয় বিশ্বাস (উইকেটরক্ষক), রোহিত যাদব, ঈশান ওম, অয়ন আক্রম, প্রণব রাঘবেন্দ্র, প্রিয়াংশু সিং, মোহিত উলভা, আরিয়ান যাদব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার