shono
Advertisement
Rishabh Pant

যুগলবন্দিতে লঙ্কান ব্যাটারকে বোকা বানালেন পন্থ-সুথার, বাহবা দিচ্ছে নেটদুনিয়া

চতুর্থ দিনের শেষে ভারত হয়তো এতটা ভালো জায়গায় থাকত না। নেপথ্যে দুই ক্রিকেটার।
Published By: Prasenjit DuttaPosted: 06:22 PM Aug 26, 2026Updated: 06:28 PM Aug 26, 2026

tচতুর্থ দিনের শেষে ভারত হয়তো এতটা ভালো জায়গায় থাকত না। নেপথ্যে দুই ক্রিকেটার। উইকেটরক্ষক ঋষভ পন্থ এবং স্পিনার মানব সুথার। তাঁদের যুগলবন্দিতেই বোকা বনে সাজঘরে ফিরলেন শ্রীলঙ্কার অন্যতম ভরসা পাসিন্দু সুরিয়াবান্দারা। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বাহবা দিচ্ছেন নেটিজেনরা। 

Advertisement

প্রথম ইনিংসে ৮০ রানের পর দ্বিতীয় ইনিংসেও ৯২ রান করেন পাসিন্দু। তিনি ক্রিজে থাকা পর্যন্ত শ্রীলঙ্কাকে যথেষ্ট জমজমাট দেখাচ্ছিল। ধনঞ্জয় ডি'সিলভা আউট হওয়ার পর অবশ্য কিছুটা তাড়াহুড়ো করছিলেন তিনি। এক বার এলবিডব্লিউ-ও হয়েছিলেন। রিভিউ নিয়ে বেঁচে যান। এর পরেই শুরু পন্থের মনস্তাত্ত্বিক লড়াই। প্রথম ইনিংসে বেশির ভাগ সময় কিপিং না করলেও চতুর্থ দিনের শুরু থেকেই উইকেটের পিছনে দাঁড়ান তিনি। কাজে লাগান নিজের অভিজ্ঞতা।

পাসিন্দুর দিকে তাকিয়ে বারবার সতীর্থদের উদ্দেশে পন্থ বলতে থাকেন, "অধৈর্য হয়ে পড়ছে। খারাপ শট খেলবে। মিড-অন তৈরি থাকো।" ঠিক পরের বলেই পন্থের কথাই সত্যি হয়। ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট খেলতে গেলেন পাসিন্দু। মানব সুথার অফ স্টাম্পের অনেকটা বাইরে বল করলেন। বলের নাগাল পেলেন না শ্রীলঙ্কার ব্যাটার। স্টাম্প ভেঙে দিলেন পন্থ। ধারাভাষ্যকার পারভেজ মাহরুফের কথায়, উইকেটটি পুরোপুরি সুথারের বুদ্ধিমত্তার ফল। তিনি বলেন, "পাসিন্দু এগিয়ে আসতেই নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে সুথার। অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে বল করেন। সেই সুযোগ কাজে লাগিয়ে উইকেট ভেঙে দেন পন্থ। ও উইকেটটি ছুড়ে দিয়েছে।"

তবে ভারতের সহজ জয়ের পথে ফের কাঁটা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। আপাতত ফলো-অন খেয়ে লঙ্কা ব্রিগেডের স্কোরবোর্ডে ২২৯ রান। প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সোনাল দিনুশা। চতুর্থ দিনের শেষে ভারতের মাথাব্যথা বাড়িয়ে ক্রিজে টিকে রয়েছেন শতরানকারী লঙ্কা তারকা। আপাতত ১৬ রানের লিড রয়েছে শ্রীলঙ্কার, হাতে চার উইকেট। তবে চতুর্থ দিনের শেষে পন্থ-সুথারের যুগলবন্দিতে পাসিন্দুর উইকেট খোয়ানো দেখে চর্চা চলছে নেটভুবনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement