সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচ জয়ের জন্য কামনা নাকি বৃষ্টি না হওয়ার প্রার্থনা? কারণ যাই হোক, কিউয়িদের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে নামার আগে পদ্মনভস্বামী মন্দিরে পুজো দিতে পৌঁছে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। সঙ্গে ছিলেন শিখর ধাওয়ানও। সাদা ধুতি পরে গায়ে সাদা বস্ত্র চাপিয়েই মন্দিরে পৌঁছেছিলেন তাঁরা। ধাওয়ান ও শাস্ত্রীকে স্বাগত জানান মন্দিরের সেবায়েতরা।
[ বাইশ গজে লড়াইয়ের আগে কিউয়ি স্পিনারকে দাবায় মাত চাহালের ]
পুজো পর্ব ভালভাবে মিটলেও শহরের আবহাওয়া ভাবাচ্ছে ভারতীয় দলকে। তিরুবনন্তপুরমে মেঘের ঘনঘটা চলছেই। টানা ২৪ ঘণ্টা আগে সেই যে বৃষ্টি শুরু হয়েছিল তার কমার কোনও লক্ষণ নেই। শেষ খবর পাওয়া পর্যন্ত যা পরিস্থিতি তাতে মেঘ সামান্য কেটেছে ঠিকই। মাঝে মাঝে আকাশ কিছুটা পরিষ্কারও হচ্ছে। তবে বলা যাবে না নির্দিষ্ট সময়ে খেলা শুরু হতে পারবে কিনা। সেক্ষেত্রে ওভার কমার সম্ভাবনাও প্রবল। আবহাওয়া দপ্তর বিকেলে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে। আর সে ইঙ্গিত যদি বাস্তবে প্রতিফলিত হয় তাহলে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় তথা শেষ টি ২০ ম্যাচ যে ভেস্তে যাবে, তা বলাই যায়। আপাতত ১-১-এ দাঁড়িয়ে সিরিজ। তাই এদিন ম্যাচ না হলে অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজও অমীমাংসিতভাবেই শেষ হবে।
তিরুবন্তপুরমের শেষ ক্রিকেট ম্যাচ হয়েছে অনেক আগে। প্রায় দু’যুগেরও বেশি। সেই অর্থে এখানে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। তাই ক্রিকেটপ্রেমীদের উতসাহ ছিল তুঙ্গে। কিন্তু বরুণ দেবের চোখ রাঙানিতে আপাতত মনমরা তাঁরা। রাজকোটে হারার ধাক্কা সামলে কি পারত ভারত ঘুরে দাঁড়াতে? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। তিরুবন্তপুরমে ব্যাটিং ট্র্যাক। অর্থাৎ খেলা হলে ব্যাটসম্যানদের পক্ষে এই ক্রিজে ব্যাট করা কিছুটা সহজ। সেক্ষেত্রে শিখর, কোহলি, হার্দিক সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপ নিশ্চয় ভারতকে পৌঁছে দিতে পারত একটা নিরাপদ জায়গায়। পাশাপাশি নিউজিল্যান্ডকে দুর্বল ভাবাও ঠিক নয়। কেন উইলিয়ামসন এন্ড কোং ব্যাটিংয়ে যে দুর্বল নয় রাজকোটে তার প্রমাণ পাওয়া গিয়েছে। তবে ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় মাথাব্যথা হল পঞ্চম বোলার খেলানো বা না খেলানো নিয়ে।
The post ম্যাচের আগে কোচের সঙ্গে মন্দিরে পুজো দিলেন ধাওয়ানরা appeared first on Sangbad Pratidin.
