shono
Advertisement
Javagal Srinath

তারকাসুলভ আড়ম্বর ছেড়ে বেঙ্গালুরু মেট্রোয় সফর, 'আম আদমি' শ্রীনাথে মুগ্ধ নেটদুনিয়া

ভারতের সর্বকালের অন্যতম সেরা এই পেসার একেবারে মাটির মানুষ।
Published By: Prasenjit DuttaPosted: 04:51 PM Aug 30, 2026Updated: 08:50 PM Aug 30, 2026

একটা সময় বল হাতে বহু বৈতরণী পার করিয়েছেন। নব্বইয়ের দশকে ভারতীয় পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন জাভাগল শ্রীনাথ (Javagal Srinath)। মাঠের সেই আগুনে গতি আর মাঠের বাইরের মানুষটি যেন ভিন্ন মেরুর। ভারতের সর্বকালের অন্যতম সেরা এই পেসার একেবারে মাটির মানুষ। সেই ছবিই ভাইরাল সোশাল মিডিয়ায়।

Advertisement

সম্প্রতি বেঙ্গালুরু মেট্রোয় সাধারণ যাত্রীর মতো দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে 'মাইসুরু এক্সপ্রেস' শ্রীনাথকে। পরনে আকাশি শার্ট, নীল জিনস। হাতে ট্রলি ব্যাগ। নেই কোনও বাড়তি নিরাপত্তা, নেই তারকাসুলভ কোনও আড়ম্বর। মেট্রোর কামরায় অন্য যাত্রীদের মতোই নির্বিকার শ্রীনাথ। ছবিটি ভাইরাল হতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই জানিয়েছেন, বেঙ্গালুরুর রাস্তাঘাটে শ্রীনাথকে এমন সাধারণ ভাবেই চলাফেরা করতে দেখেছেন তাঁরা।

এক নেটিজেন লিখেছেন, 'অনেকেই শ্রীনাথের মেট্রোয় সফরের এই ছবি শেয়ার করে তাঁর সরলতার কথা বলছেন। সত্যিই মানুষটি ভীষণ সাধারণ। বছর কয়েক আগে তাঁকে রাস্তায় দু-তিন বার দৌড়তে দেখেছিলাম। তখন সোশাল মিডিয়া এত শক্তিশালী ছিল না।' আর একজনের মন্তব্য, 'পশ্চিমের দেশগুলিতে এটাই স্বাভাবিক। কিন্তু এখানে তারকার মর্যাদার কারণে এমন দৃশ্য এখনও বিরল।' কেবল শ্রীনাথ নন, কর্নাটক ক্রিকেটের একাধিক তারকার মধ্যেই এই মাটির কাছাকাছি থাকার অভ্যাসের কথা মনে করিয়ে দিয়েছেন নেটিজেনরা। এক ক্রিকেটপ্রেমীর কথায়, 'অনিল কুম্বলে, জাভাগল শ্রীনাথ, রাহুল দ্রাবিড় এবং ভেঙ্কটেশ প্রসাদ - কর্নাটক ক্রিকেটের এক অনন্য যুগের প্রতিনিধি। তাঁরা দেখিয়েছেন, বিরাট সাফল্যের সঙ্গেও কীভাবে বিনয় ও সৌজন্য ধরে রাখা যায়।'

শ্রীনাথের এমন সাধারণ জীবনযাপনের ছবি অবশ্য এই প্রথম নয়। এর আগেও এক সমর্থক লিঙ্কডইনে তাঁর একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে মাইসুরু রেলস্টেশনে পিঠে ব্যাগ নিয়ে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ছবিও নেটদুনিয়ায় প্রশংসা কুড়িয়েছিল। তবে বেঙ্গালুরু মেট্রোর সাম্প্রতিক ছবিটি ঠিক কবে তোলা, তা জানা যায়নি। তাঁর বর্ণময় ক্রিকেটজীবনে ভারতের হয়ে ৬৭টি টেস্ট এবং ২২৯টি ওয়ানডে খেলেছেন শ্রীনাথ। ক্রিকেটকে বিদায় জানানোর পরও খেলার সঙ্গে তাঁর সম্পর্ক অটুট। বর্তমানে তিনি আইসিসির ম্যাচ রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement