ঘোষিত হয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ওয়ানডে ও টেস্ট দল। অনেক নতুন মুখ ডাক পেয়েছেন। কিন্তু ব্রাত্যই রয়ে গেলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ঘরোয়া ক্রিকেট হোক বা আইপিএল, এখনও আগুন ঝরাতে তৈরি বাংলার তারকা পেসার। কিন্তু কেন তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে না? প্রশ্ন উঠতেই বিস্ফোরক জবাব দিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। তাতে যেন বুঝিয়ে দিলেন, শামির আন্তর্জাতিক কেরিয়ার প্রায় শেষ।
চলতি বছরের জুনে একটি টেস্ট ও তিনটে ওয়ানডে খেলতে ভারতে আসছে আফগান বাহিনী। টেস্ট দলে মানব সুথার, গুর্নুর ব্রার বা হর্ষ দুবেরা ডাক পেয়েছেন। অন্যদিকে ওয়ানডে দলে ডাক পেয়েছেন প্রিন্স যাদব, হর্ষ দুবের মতো তরুণ মুখ। কিন্তু শামি কেন নেই?
প্রশ্নের সামনে প্রধান নির্বাচক অজিত আগরকরের উত্তর, "শামির টেস্ট প্রত্যাবর্তন নিয়ে কোনও কথাই হয়নি। আমাদের জানানো হয়েছে, ওর শরীর খেলার জন্য তৈরি। আমি জানি, এবছর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছে। কিন্তু আমার কাছে যা তথ্য আছে, তাতে বুঝতে পারছি একমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটের জন্যই ও তৈরি। তাই এখানে ওকে নিয়ে কোনও আলোচনা হয়নি।"
এতে যেন তিনি বুঝিয়ে দিলেন, শামি ওয়ানডে বা টেস্ট খেলার মতো শারীরিক অবস্থায় নেই। অবশ্য কীভাবে বা কোন সূত্রে তিনি এই তথ্য পেয়েছেন, তা জানাননি। শামি কিন্তু এর আগে বহুবার বলেছেন, দেশের হয়ে সব ফরম্যাটে খেলার জন্য তৈরি। আর ঘরোয়া ক্রিকেটে সেটা প্রমাণও করেছেন। ৩৫ বছর বয়সে রনজি সেমিফাইনালে ৮ উইকেট তুলেছেন। মোট ৭ ম্যাচে তুলেছেন ৩৭টি উইকেট। বিজয় হাজারে ট্রফিতে তুলেছেন ১৫টি উইকেট। আইপিএলে এখনও পর্যন্ত তাঁর শিকার ১০টি। তারপরও জাতীয় দলে ব্রাত্য থাকতে হচ্ছে শামিকে। আর কীভাবে নিজেকে প্রমাণ করবেন?
