মাস দুয়েক আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেট ছিল সুখের হাট। কিন্তু গত দু'মাসে সবটাই যেন বদলে গিয়েছে। অতিরিক্ত পরীক্ষানিরীক্ষা এবং নির্বাচক-টিম ম্যানেজমেন্টের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের মতবিরোধের জের ভারতীয় ক্রিকেটে যেন গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আর ওই গৃহযুদ্ধ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে নির্বাচকপ্রধান অজিত আগরকরকে চাকরিও হারাতে হতে পারে। এমনটাই সূত্রের খবর। তাঁর জায়গায় নির্বাচকপ্রধান হতে পারেন এনসিএ প্রধান অজিত আগরকর।
শোনা যাচ্ছে, অবসর নিয়ে রোহিত শর্মার উপর যেভাবে চাপ সৃষ্টি করা হয়েছে সেটা একেবারে নাপসন্দ ভারতীয় বোর্ডের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, যেভাবে রোহিতকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেটে বিতর্কের আবহ তৈরি হয়েছে, তাতে ক্ষুব্ধ বিসিসিআই। বস্তুত, গত মাসে লর্ডস ওয়ানডের আগে নির্বাচকদের তরফ থেকে নাকি রোহিতকে বলে দেওয়া হয়, ইংল্যান্ড সিরিজের পর তাঁকে আর খেলানো হবে না। তারপর হিটম্যান নিজেই বিসিসিআইয়ের দ্বারস্থ হন। বোর্ড কর্তাদের কাছে নালিশ করে দেন নির্বাচকপ্রধান আগরকরের নামে। বস্তুত, আগরকর এবং রোহিতের মধ্যে একপ্রকার সম্মুখসমরের পরিস্থিতি।
লর্ডসে রোহিতের সেঞ্চুরি।
এই দ্বন্দ্বে বিসিসিআই রোহিতের পাশে। এবং যা পরিস্থিতি তাতে আগামী দিনে রোহিত বা বিরাট কোহলির মতো সুপারস্টারদের সঙ্গে সমন্বয়সাধন না করে চললে আগরকরের চাকরি যাওয়া একপ্রকার নিশ্চিত। এমনিতেও নির্বাচকপ্রধান পদে তাঁর কাজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত মাসেই। তাঁর মেয়াদ মাস তিনেকের জন্য বাড়িয়েছে বোর্ড। একটা সময় ঠিক ছিল, আগরকরের মেয়াদ ১ বছরের জন্য বাড়িয়ে দেওয়া হবে। ২০২৭ বিশ্বকাপের দলও তিনিই বাছবেন। কিন্তু রোহিতের সঙ্গে বিবাদের জেরে আপাতত সে আশায় জল। যা পরিস্থিতি এই বর্ধিত ৩ মাসের মেয়াদ শেষ হলেই বিদায় নিতে হবে আগরকরকে। তারপর নতুন নির্বাচকপ্রধান পদের জন্য বিজ্ঞপ্তি দেবে বোর্ড। শোনা যাচ্ছে, নির্বাচকপ্রধান হওয়ার জন্য ভিভিএস লক্ষ্মণের সঙ্গে যোগাযোগ করছেন বোর্ড কর্তারা।
২০২৩ সালের মাঝামাঝি জাতীয় নির্বাচক হন আগরকর। খানিক বিরূপ পরিস্থিতিতেই। চেতন শর্মাকে বিতর্কিত কারণে সরানোর পরা আগরকরকে আনা হয়। তাঁর প্রথম বড় দায়িত্ব ছিল ২০২৩ বিশ্বকাপের দল বাছা। এরপর তিনি সব মিলিয়ে মোট চারটি আইসিসি ট্রফির দল বেছেছেন। এর মধ্যে ২০২৪ ও ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়নও ভারত। আবার গোটা দুই এশিয়া কাপও জিতেছে টিম ইন্ডিয়া। তবে সবটাই হয়েছে রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে। এবার রোহিতের সঙ্গেই বিবাদ তাঁর।
