দু'টো দেশের রাজনৈতিক পরিস্থিতি আগের চেয়ে কিছুটা হলেও ভালো হয়েছে। আর দেশের মাঠে ভারতের (India) বিরুদ্ধে সিরিজ নিয়ে আশায় বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট বোর্ড। গত বছর বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু তৎকালীন সময় বাংলাদেশ সফর বাতিল করে দেয় ভারত। আসলে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের রাজনৈতিক সখ্যতা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসেনি বাংলাদেশ। যা নিয়ে প্রচুর চর্চা চলেছে।
বাংলাদেশেরই একাংশ মনে করে, ভারতে বিশ্বকাপ খেলতে না আসা ঐতিহাসিক ভুল। টিমের অবশ্যই বিশ্বকাপ খেলা উচিত ছিল। ভোট-পরবর্তী সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেক ভালো। অন্তর্বর্তীকালীন সরকারের বদলে তারেক রহমানের বিএনপি এখন ক্ষমতায়। বিএনপি ক্ষমতায় আসার পরই ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে উদ্যত হয়। শুধু সরকার নয়, বদল এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। বিসিবিও এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আবার আগের মতো সম্পর্ক তৈরি করতে চাইছে। ইউনুস সরকার থাকার সময় যেরকম তিক্ত সম্পর্ক হয়েছিল, সেটা এখন আর নেই।
বিসিবি কর্তারাও আশায়, এবার ভারতীয় দল বাংলাদেশ সফরে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলতে আসবে। বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী আমিনুল হকও প্রবল ভাবে এই সিরিজ আয়োজন চাইছেন। মঙ্গলবার ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “ক্রিকেট আমাদের দেশের কাছে পঅত্যন্ত সম্মানের। বিশ্ব ক্রিকেটেও বাংলাদেশ যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। আমরা ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলেছি। আমরা সবাই এখন এই সিরিজের অপেক্ষায় রয়েছি।”
আমিনুল এটাও মনে করছেন, ক্রিকেটের মাধ্যমেই দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে। আর সম্পর্কও আগের মতো হবে। তিনি এটাও বলেন, “অতীতে ঘটে যাওয়া একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য দু-দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। ভারতীয় দল যদি বাংলাদেশে আসে, তা হলে সেই পরিবেশ আর থাকবে না। প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে।’’
