আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন। আরসিবি'র দু'বার ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু তারপরও জাতীয় দলে ব্রাত্য থাকতে হচ্ছিল। অবশেষে টিম ইন্ডিয়ায় কামব্যাক হতে পারে ক্রুণাল পাণ্ডিয়ার। সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। ৫ বছর পর সেখানে ভারতের জার্সিতে দেখা যেতে পারে ৩৫ বছর বয়সি অলরাউন্ডারকে।
শেষবার ২০২১ সালে টিম ইন্ডিয়ায় দেখা যায় ক্রুণালকে। ভারতের হয়ে ১৯টি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলেছেন। ১৭টি উইকেট আছে তাঁর নামে। আইপিএলে আরসিবি'র হয়ে দু'বার ট্রফি জিতেছেন। ব্যাটে-বলে বিরাট অবদান রাখেন। দুই মরশুমে ৩১ উইকেট তুলেছেন। আবার লোয়ার অর্ডারে প্রায় দেড়শোর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। বিশেষ করে বোলিংয়ে অনেক উন্নতি করেছেন। বৈচিত্র এনেছেন। এমনকী বাঁহাতি স্পিনে বাউন্সার দিয়ে চমকে দিয়েছেন।
জানা গিয়েছে, অক্ষর প্যাটেলের বিকল্প হিসেবে দলে ডাক পেতে পারেন হার্দিক পাণ্ডিয়ার দাদা। এর আগে ইংল্যান্ড সিরিজে ভালো ফর্মে ছিলেন না অক্ষর। পাঁচ ম্যাচে মাত্র দু'টি উইকেট তোলেন। ব্যাটিংয়ে স্ট্রাইক রেট ১৩০-র নীচে। যেটা ভাবাচ্ছে বিসিসিআইকে। তাঁর আদর্শ বদলি হতে পারেন ক্রুণাল। যে কারণে প্রায় ৫ বছর পর টিম ইন্ডিয়ায় ফিরতে পারেন।
এই সিরিজে ভারতের জন্য সুখবর থাকছে। ক্রুণালের ভাই হার্দিক চোট সারিয়ে কামব্যাক করবেন। দলে জায়গা পেতে পারেন নীতীশ কুমার রেড্ডিও। তবে ওয়াশিংটন সুন্দরের ফিটনেস রিপোর্ট বিসিসিআইকে জানাতে হবে। জশপ্রীত বুমরাহ সম্ভবত পুরোপুরি ফিট হবেন না। তাই তাঁর দলে থাকার সম্ভাবনা কম। উল্লেখ্য, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচগুলো হবে।
