প্রায় একশো কেজি ওজন। তবু বোর্ডের তরফ থেকে ফিটনেস সার্টিফিকেট নিয়ে ইংল্যান্ড সফরের বিমানে উঠে পড়েছিলেন গৌতম গম্ভীরের 'প্রিয়পাত্র'। এহেন নানা ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস ঘিরে। প্রশ্ন উঠেছেন, কেন তারকা ক্রিকেটাররা বারবার চোট পেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন? সূত্রের খবর, লাগাতার সমালোচনার পর এবার নড়েচড়ে বসেছে বিসিসিআই। ফিট সার্টিফিকেট এবং দল নির্বাচন সংক্রান্ত নিয়মে বদল আনছে বোর্ড।
ক্রিকেটারদের চোট সমস্যা নিয়ে সাম্প্রতিক অতীতে সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রে ছিলেন জশপ্রীত বুমরাহ। ফিট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে যান তারকা পেসার। সিরিজ জিতলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লক্ষ্যে খুব এক সুবিধা করে উঠতে পারেনি ভারতীয় দল। কেবল বুমরাহ নন, ফিট ঘোষণার পর মাঠে নেমেই ফের চোট পান হর্ষিত রানা। শোনা যায়, ইংল্যান্ড সফরের আগে হর্ষিতের ওজন ছিল ৯৭ কেজি। অথচ বোর্ডের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী তাঁর ওজন ৯৬ কেজির বেশি হওয়ার কথা নয়। অতিরিক্ত ওজন হওয়া সত্ত্বেও ফিট সার্টিফিকেট পান তিনি এবং মাঠে নেমেই আবারও চোটের কবলে গম্ভীরের 'প্রিয়পাত্র' হর্ষিত।
বুমরাহ এবং হর্ষিতকে ফেরানো হয়েছে আফগানিস্তান সিরিজের দলে। দীর্ঘদিন চোটের কবলে থাকা ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ কুমার রেড্ডিও জায়গা পেয়েছেন সাদা বলের সিরিজে। কিন্তু চার তারকার নামের পাশেই রয়েছে 'স্টার' চিহ্ন। প্রশ্ন উঠছে, এই চার তারকা আদৌ ফিট তো? সূত্রের খবর, ফিটনেস নিয়ে এখন ২০০ শতাংশ নিশ্চিত হতে চাইছে বোর্ড। যদি কোনও ক্রিকেটার ২০০ শতাংশ ফিট না থাকেন, তাহলে তাঁকে দলে নেওয়া হবে না। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে, মঙ্গলবার যে দল ঘোষণা হয়েছে তাঁরা সকলেই ফিট।
কিন্তু এখানেও প্রশ্ন থাকছে। বলা হচ্ছে, যে ক্রিকেটারদের নামের পাশে 'স্টার' চিহ্ন থাকবে তাঁদের ফিটনেস পরীক্ষা দিতে হবে। তাঁরা ফিট না হলে নির্বাচকরা বিকল্প বেছে নেবেন। যেহেতু সিরিজ শুরুর অন্তত ২১ দিন আগে দল ঘোষণা হয়, ফলে ফিট হওয়ার সময় থাকে ক্রিকেটারদের হাতে। শেষ মুহূর্ত পর্যন্ত খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন নির্বাচকরা। শেষ পর্যন্ত ২০০ শতাংশ ফিটনেসের এই নিয়ম ধরে রাখা যাবে তো?
