shono
Advertisement
IPL schedule

ভোটের গেরোয় আইপিএল! একলপ্তে সূচিও ঘোষণা করতে পারছে না বোর্ড, নির্ঘণ্ট প্রকাশ কবে?

পাঁচ রাজ্যের ভোটের গেরো। এবারেও একসঙ্গে প্রকাশিত হবে না গোটা আইপিএলের সূচি। সেটা আগামী দু'তিন দিনের মধ্যে করে ফেলা হবে।
Published By: Subhajit MandalPosted: 09:08 PM Mar 10, 2026Updated: 09:08 PM Mar 10, 2026

পাঁচ রাজ্যের ভোটের গেরো। এবারেও একসঙ্গে প্রকাশিত হবে না গোটা আইপিএলের সূচি। বিসিসিআই সূত্রের খবর, প্রাথমিকভাবে ২০ দিনের সূচি প্রকাশ করা হবে। সেটা আগামী দু'তিন দিনের মধ্যে করে ফেলা হবে। বাকি সূচি ঘোষণা হতে পারে ভোটের নির্ঘণ্ট দেখে।

Advertisement

আসলে সূচি বানাতে হিমশিম খাচ্ছে বিসিসিআই। মার্চ থেকে মে মাসের মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে ভোট। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কলকাতা নাইট রাইডার্স ও তামিলনাড়ু থেকে চেন্নাই সুপার কিংস আইপিএলে খেলবে। এছাড়া অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস, কেকেআর অতীতে ম্যাচ খেলেছে। সমস্যা হল, পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।

ভোটের সূচি ঘোষণা না হলে আইপিএলের সূচি ঘোষণাও একপ্রকার অসম্ভব। কারণ, ভোটের সঙ্গে খেলার নিরাপত্তার বিষয়টা সরাসরি জড়িয়ে। অতীতে দেখা গিয়েছে, ভোটের জন্য একাধিকবার ম্যাচের ভেন্যু বদলাতে হয়েছে। এমনকী লোকসভা ভোটের জন্য দেশের বাইরেও হয়েছে ক্রোড়পতি লিগ। এবারও সেই ভোটই সমস্যার মূলে। এ প্রসঙ্গে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া এএনআইকে বলেছেন, ‘‘আগামী দু’তিন দিনের মধ্যে আমরা আইপিএলের প্রথম ২০ দিনের সূচি ঘোষণা করব। কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। নির্বাচনের সূচি জানার পর আইপিএলের বাকি সূচি প্রকাশ করা হবে।’’

বিসিসিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আইপিএল শুরু হবে আগামী ২৮ মার্চ। যা খবর তাতে প্রথম পর্যায়ের সূচি প্রকাশ করতে সময় লেগে যাবে ১৩ মার্চ। অর্থাৎ টুর্নামেন্ট শুরুর মাত্র দু'সপ্তাহ আগে সূচি হাতে পাবে দলগুলি। এরপর নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পর পরিস্থিতি বুঝে পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত করা হবে। তবে এদিন বোর্ড সচিব জানিয়ে দিয়েছেন, আগামী আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ এবং ফাইনাল হবে বেঙ্গালুরুতে। গত বারের চ্যাম্পিয়ন আরসিবির চারটি হোম ম্যাচও হবে চিন্নাস্বামীতেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement