shono
Advertisement
Yudhajit Guha

ইংল্যান্ড সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ টিমে বাংলা পেসার, ট্রয়ের তিন মন্ত্র নিয়ে বিলেত যাচ্ছেন যুধাজিৎ

এমন খবরে কোনওরকম উচ্ছ্বাস দেখাতে চান না তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 02:57 PM May 23, 2025Updated: 02:57 PM May 23, 2025

স্টাফ রিপোর্টার: শহরে নিয়মিত সাঁতার কাটেন। ভোর চারটেতে উঠে রেড রোডে দৌড়তে চলে যান। খাওয়া-দাওয়া নিয়ে ভীষণ খুঁতখুঁতে। ঠান্ডা পানীয় শেষ কবে খেয়েছেন তাঁর মনে নেই। যুধাজিৎ গুহ এখন থেকেই একটা ব‌্যাপার বুঝে গিয়েছেন, নিজের ক্রিকেট কেরিয়ারকে আকর্ষণীয় আর লম্বা করতে গেলে ফিটনেস নিয়ে কোনওরকম আপস করা যাবে না।

Advertisement

এর আগেও ভারতীয় অনূর্ধ্ব উনিশ টিমের হয়ে ভালো পারফর্ম করেছেন। আগামী মাসে ইংল‌্যান্ড সফরে যাবে ভারতের অনূর্ধ্ব-১৯ টিম। সেখানে পাঁচটা ওয়ানডে আর দু'টো মাল্টি ডে ম‌্যাচ রয়েছে (তার আগে অবশ‌্য একটা ওয়ার্ম আপ ম‌্যাচ থাকছে)। ইংল‌্যান্ড সফরের জন‌্য বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ ভারতীয় টিম ঘোষণা করা হয়। সেই টিমে সুযোগ পেয়েছেন বাংলার যুধাজিৎ। কোনওরকম উচ্ছ্বাস দেখাতে চান না তিনি। তাঁর মতে, এটা সবে শুরু। অনেক দূর যেতে হবে। বছরের শেষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই টিমে জায়গা করতে হবে। বিশ্বকাপে ভালো পারফর্ম করতে হবে। তার জন‌্য ফোকাসড থাকতে হবে।

বেঙ্গালুরুতে জাতীয় এক্সেলেন্স অ‌্যাকাডেমিতে এপ্রিলের শুরু থেকে শেষপর্যন্ত ক‌্যাম্প হয়েছিল। যেখানে ট্রয় কুলির তত্ত্বাবধানে নিজেকে আরও ঘষেমেজে নিয়েছেন বাংলার এই তরুণ পেসার। সপ্তাহে ছ’দিন করে ট্রেনিং চলত। যে ক‌্যাম্প যুধাজিৎকে আরও সাহায‌্য করেছে। জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমির পেস বোলিং কোচ কুলি। তাঁর সঙ্গে যে ক‌্যাম্পে কোচ হিসেবে ছিলেন ভারতের প্রাক্তন পেসার ভিআরভি সিংও। যাঁরা যুধাজিৎকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। যুধাজিতের আউট সুইং বেশ ভালো। সঙ্গে ইয়র্কার আরও ক্ষুরধার হয়েছে। এদিন ফের বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমির ক‌্যাম্পে চলে গেলেন। ইংল‌্যান্ড সফরের আগে সেখানেই প্রস্ততি শিবির চলবে।

টিমের অধিনায়ক করা হয়েছে আয়ুশ মাত্রেকে। আইপিএলে তিনি ইতিমধ্যেই নজর কেড়েছেন। রয়েছেন বৈভব সূর্যবংশী। যাঁকে ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বলা হচ্ছে। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে সেঞ্চুরি করেছেন। তারপর থেকেই বৈভবকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। ইংল‌্যান্ড সফরে যে বৈভবের দিকেও আলাদা করে সবার নজর থাকবে, সেটা বলে দেওয়াই যায়। বাংলা থেকে এই টিমে যুধাজিৎ ছাড়া আর কোনও ক্রিকেটার সুযোগ পাননি। টিমের কোচ হিসেবে থাকবেন ঋষিকেশ কানিতকর। যাঁকে ইংল‌্যান্ড সফরে ভারতীয় ‘এ’ টিমের কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। অনূর্ধ্ব-১৯ প্রথম ওয়ার্ম ম‌্যাচ খেলবে ২৪ জুন। তার আগে ভারতীয় এ দলের সফর শেষ হয়ে যাবে। তাই কানিতকর সেখান থেকে সরাসরি অনূর্ধ্ব-১৯ টিমের কোচ হিসেবে যোগ দেবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এর আগেও ভারতীয় অনূর্ধ্ব উনিশ টিমের হয়ে ভালো পারফর্ম করেছেন।
  • আগামী মাসে ইংল‌্যান্ড সফরে যাবে ভারতের অনূর্ধ্ব-১৯ টিম।
  • সেই টিমে সুযোগ পেয়েছেন বাংলার যুধাজিৎ।
Advertisement