shono
Advertisement

Breaking News

শামি নিয়েছিলেন পাঁচ উইকেট, সেই পিচেই রনজির কোয়ার্টার ফাইনালে নামবে 'ফার্স্ট বয়' বাংলা

দিনদশেক আগে কল্যাণীতে সার্ভিসেসের বিরুদ্ধে জয়ের সুবাদে রনজির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল বাংলা। আর শেষ রাউন্ডে হরিয়ানাকে হারানোর ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে শেষ আটে উঠেছে দল।
Published By: Anwesha AdhikaryPosted: 03:11 PM Feb 04, 2026Updated: 07:16 PM Feb 04, 2026

মঙ্গলবার থেকে পুরোদমে রনজি কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি শুরু করে দিল বাংলা। এদিন দুপুরে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে নেমে পড়ে কোচ লক্ষ্মীরতন শুক্লার দল। মহম্মদ শামি ছাড়া প্রায় পুরো স্কোয়াডই এদিন নেটে হাজির ছিল। অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপ, মুকেশ কুমাররা পুরোদমেই অনুশীলন করেন।

Advertisement

দিনদশেক আগে কল্যাণীতে সার্ভিসেসের বিরুদ্ধে জয়ের সুবাদে রনজির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল বাংলা। আর শেষ রাউন্ডে হরিয়ানাকে হারানোর ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে শেষ আটে উঠেছে দল। এবার ঘরের মাঠে প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। হরিয়ানার বিরুদ্ধে দু'জন পেসারের পরিবর্তে স্পিনার খেলানো হয়েছিল। ঘরের মাঠে পেস অ্যাটাকে জোর দিয়েই নামবে দল। যা খবর, সার্ভিসেস ম্যাচের উইকেটে কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলা। সেখানে পাঁচ উইকেট নিয়ে বাংলাকে বোনাস পয়েন্টে জিতিয়েছিলেন শামি। তবে মাঝে এই মাঠে ম্যাচ খেলেছে অনূর্ধ্ব ২৩ দল। সেভাবে জল দেওয়া যায়নি কয়েকদিন।

ফলে তৃতীয় দিনের পর থেকে উইকেট কিছুটা শুকনো হবে বলে মনে মনে করা হচ্ছে। সেই সম্ভাবনা মাথায় রেখে শাহবাজ আহমেদের সঙ্গে আরও একজন স্পিনারকে খেলানোর ভাবনাও রয়েছে দলের। সেক্ষেত্রে বিকাশ সিংয়ের পরিবর্তে একা শামি প্রথম একাদশে ফিরবেন। বুধবার দলের সঙ্গে যোগ দেবেন তারকা পেসার। বৃহস্পতিবার নেটে নামবেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইডেন এখন আইসিসি-র অধীনে। তাই হোম ম্যাচ কল্যাণীতে খেলছে বাংলা।

রনজির নকআউটে ডিআরএস থাকছে। সঙ্গে ম্যাচ সম্প্রচার করা হবে। কল্যাণীতে এতদিন সেসব পরিকাঠামো ছিল না। দল কোয়ার্টার ফাইনাল ঘরের মাঠে খেলবে, তা নিশ্চিত হতেই পরিকাঠামো তৈরিতে উদ্যোগী হয় সিএবি। সেইমতো অস্থায়ীভাবে সম্প্রচার, ধারাভাষ্য, ডিআরএস-এর ঘর ও অন্য পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই রনজি কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ কলকাতায় চলে এসেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement