shono
Advertisement
Bhuvneshwar Kumar

আগুনে ফর্মে পার্পল টুপির মালিক ভুবনেশ্বর, নজির গড়ে পুরনো দলকে খোঁচা আরসিবি পেসারের!

কোয়ালিফায়ার ১-এ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২৮ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। সেই সঙ্গে নয়া নজির গড়লেন ভুবি।
Published By: Arpan DasPosted: 10:12 AM May 27, 2026Updated: 10:20 AM May 27, 2026

বয়স ৩৬। কিন্তু এখনও বোলিংয়ে আগুন ঝরাচ্ছেন ভুবনেশ্বর কুমার। ১৫ ম্যাচে উইকেট সংখ্যা ২৬। বেগুনি টুপির দৌড়ে সবার উপরে। কোয়ালিফায়ার ১-এ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২৮ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। সেই সঙ্গে নয়া নজির গড়লেন ভুবি। কীভাবে এই বয়সেও অসাধ্যসাধন করছেন? গুজরাটকে হারিয়ে সেই রহস্য ফাঁস করলেন তারকা পেসার।

Advertisement

ফাইনালে উঠতে হলে শুভমান গিলের গুজরাটের জন্য টার্গেট ছিল ২৫৪ রান। এই বিশাল রান তাড়া করতে গিয়ে সেই টপঅর্ডারই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। গিল ও পরে রাহুল তেওয়াটিয়াকে ফেরান ভুবনেশ্বর। এবারের আইপিএলে এখনও পর্যন্ত তাঁর উইকেট সংখ্যা ২৬। একাধিক মরশুমে ২৫টির বেশি উইকেট তোলার নজির গড়লেন তিনি। কোনও ভারতীয় পেসারের এই নজির নেই। এর আগে ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২৬টি উইকেট তুলেছিলেন। এবার আরসিবি'র হয়েও সেই কৃতিত্ব অর্জন করলেন।

এই সাফল্যের নেপথ্যে কে? ভুবি বলছেন, "আমার ও সতীর্থ জশ হ্যাজেলউডের অভিজ্ঞতা আছে ঠিকই। তবে নেপথ্যে অনেক পরিকল্পনা থাকে। বিশেষ করে সাপোর্ট স্টাফরা অনেক ছোট ছোট বিষয়ে সাহায্য করেন। প্রচুর তথ্য দেন তাঁরা। যদি কোনও নতুন প্লেয়ার উঠে আসেন, আমরা তাঁকে নিয়ে চর্চা করি। এমন নয় যে, আমরা ১০০ শতাংশ তথ্যের উপর নির্ভর করি। তবে হ্যাঁ, সেগুলো আমাদের সাহায্য করে।"

তার সঙ্গে আরসিবি দলকে কৃতিত্ব দিতে ভুললেন না ভুবি। পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদকে কটাক্ষ করে তিনি বলেন, "কিছু বছর আগেও আমার আত্মবিশ্বাস ছিল না। আমার জায়গা নিয়ে সংশয় ছিল। কিন্তু আরসিবি'র পরিবেশ আমার নিজের প্রতিভার প্রতি ফের আস্থা জুগিয়েছে। একটা ভালো পরিবেশ সেরাটা বের করে নিয়ে আসতে পারে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement