shono
Advertisement
CAB

'অজ্ঞাত' কারণে পিছিয়ে গেল সিএবি যুগ্মসচিব নির্বাচন, কবে 'ব্যাখ্যা' দেবেন সভাপতি সৌরভ?

২০ জুলাই সিএবি'তে নির্বাচন হওয়ার কথা ছিল।
Published By: Arpan DasPosted: 07:15 PM Jul 12, 2026Updated: 07:15 PM Jul 12, 2026

বেশ ঢাকঢোল করেই সিএবি'র যুগ্ম সচিব পদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। কিন্তু আচমকাই তা পিছিয়ে দেওয়া হল। লোধা আইন অমান্য করে সিএবি যুগ্মসচিব পদে মদন ঘোষের থেকে যাওয়া নিয়ে দীর্ঘদিন নাটক চলেছে। শেষে সিএবি তাঁকে সরিয়ে দিতে ২০ জুলাই নির্বাচন হওয়ার কথা জানানো হয়। কিন্তু 'অজ্ঞাত' কারণে তা পিছিয়ে গেল।

Advertisement

কবে সেই নির্বাচন হবে, তা এখনও জানানো হয়নি। এই নিয়ে আগামী বুধবার একটি এমার্জেন্সি জেনারেল মিটিং ডাকা হয়েছে সিএবি'র তরফ থেকে। সেখানে বঙ্গ ক্রিকেট সংস্থার সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যাখ্যা দেবেন, কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ততদিন পর্যন্ত সিএবি নির্বাচন পিছিয়ে দেওয়ার কারণ 'অজ্ঞাত'।

ঘটনার সূত্রপাত সিএবি প্রাক্তন যুগ্ম সচিব মদন ঘোষকে কেন্দ্র করে। প্রথমে সত্তরোর্ধ্ব হয়ে যাওয়ার পরেও লোধা আইন মেনে সিএবি যুগ্মা সচিবের পদ ছাড়তে চাননি মদন। বরং উদ্ধত জবাব দিয়ে বলেছিলেন, “সত্তর হয়ে গেলে সরে যেতে হবে হবে, কে বলল?” যদিও সে ‘ডাঁট’ দেখিয়ে শেষ পর্যন্ত কোনও লাভ হয়নি। শুধু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও মাসখানেক বাড়তি সময় পদে থেকে যাওয়া ছাড়া। সিএবি শেষ পর্যন্ত তাঁকে সরিয়ে দেয়। তবে তারপরও নাকি মদন ঘোষ বাংলার জুনিয়র দল নির্বাচনী বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অতীতে সিএবি নির্বাচন ঘিরে তৃণমূল নেতাদের ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ উঠেছিল। এছাড়াও বহু বিতর্কে বিদ্ধ সিএবি। এর মধ্যে যুগ্ম সচিব পদে নির্বাচনও পিছিয়ে গেল। এবার দেখার, এই 'অজ্ঞাত' কারণে কীভাবে আলোকপাত করেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement