ফের চর্চায় পুরনো সংঘাত। টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন ক্রিকেটার এস শ্রীসন্থ। তাঁর দাবি, ২০২৩ সালের ডিসেম্বরে লেজেন্ডস লিগ ক্রিকেটের ম্যাচ চলাকালীন গম্ভীর তাঁকে কেবল 'ফিক্সার' নয়, 'দেশদ্রোহী' বলেও অপমান করেছিলেন।
সম্প্রতি সাক্ষাৎকারে শ্রীসন্থ বলেন, "গৌতি প্রথম বলে বেরিয়ে এসে ফ্লিক করেছিল। ও দুর্দান্ত ক্রিকেটার। জানত আমি কী ধরনের বল করতে পারি। তাই বাউন্সার করতেই ও উত্তেজিত হয়ে পড়ে। এরপর বারবার গালিগালাজ করতে থাকে। আমাকে 'ফিক্সার'-ও বলে।" এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি প্রাক্তন পেসারের।
শ্রীসন্থ জানিয়েছেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন তিনি। তাঁর কথায়, "গম্ভীর আমাকে বলেছিল, আই ওন ইউ। পরিষ্কার গালিগালাজ করেছে। এরপর এমন কিছু বলেছে, যা ওর বলা উচিত হয়নি। আমি সামনে ঝুঁকে ওকে জিজ্ঞেস করেছিলাম, 'গৌতি ভাই, সব ঠিক আছে তো?' কিন্তু ও থামেনি। হয়তো আমি লম্বা-চওড়া হওয়ায় ওর মনে হয়েছিল ওকে মারতে যাচ্ছি। বারবার আমাকে গালাগালি দিয়েছে। আবারও 'ফিক্সার' ও 'দেশদ্রোহী' বলে কটাক্ষ করেছে।"
উল্লেখ্য, গৌতম গম্ভীর ও শ্রীসন্থ দু'জনেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। তবে তাঁদের সম্পর্ক এখন আর আগের মতো নেই। ২০১৩ সালের আইপিএলের স্পট ফিক্সিং কাণ্ডে তাঁর নাম জড়ায়। বিসিসিআই প্রথমে তাঁকে আজীবন নির্বাসিত করে। পরে সেই শাস্তি কমে সাত বছর করা হয়। শ্রীসস্থের মতে, অতীতের এই ঘটনাকে টেনে এনেই তাঁকে অপমান করেছিলেন গম্ভীর। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
