shono
Advertisement
IND vs AFG

বাবার সামনে খেলার সুযোগ হাতছাড়া! আফগানদের বিরুদ্ধে প্রথম টি-২০তে নেই বৈভব, কী কারণ?

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের মুখোমুখি ভারত।
Published By: Arpan DasPosted: 07:15 PM Sep 13, 2026Updated: 07:34 PM Sep 13, 2026

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের মুখোমুখি ভারত। কিন্তু সেখানে খেলানো হচ্ছে না বৈভব সূর্যবংশীকে। ওপেন করবেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স। বিশ্বকাপের পর টি-টোয়েন্টিতে কামব্যাক হল জশপ্রীত বুমরাহর। টসের আগে আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান ও শ্রেয়স নিজেদের মধ্যে জার্সি-টুপি-কয়েন বিনিময় করেন। কারণ, দিল্লিতে ম্যাচ হলেও এই প্রথমবার ভারতের বিরুদ্ধে আয়োজকের ভূমিকায় আফগানিস্তান।

Advertisement

বাইশ গজে ইতিমধ্যে প্রতিভার দ্যুতি ছড়িয়েছে বৈভব। আইপিএলে তার খেলা দেখতে মুখিয়ে থাকে দেশের ক্রিকেটপ্রেমীরা। চলতি বছরের জুলাইতে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে। এই প্রথমবার দেশের মাটিতে 'মেন ইন ব্লু'র জার্সিতে নামছে। সেই ম্যাচ দেখতে দিল্লিতে হাজির হয়েছেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী। কিন্তু বৈভবকে সরাসরি ভারতের জার্সিতে খেলতে দেখার ইচ্ছা এদিন পূর্ণ হবে না। দিল্লিতে প্রথম একাদশে জায়গা হল না বৈভবের।

কামব্যাক ঘটেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা সঞ্জু স্যামসনের। সঙ্গে আছেন অভিষেক শর্মা। এঁরা ওপেন করবেন। সেই জন্য জায়গা হয়নি ১৫ বছর বয়সি ব্যাটারের। অধিনায়ক শ্রেয়স অবশ্য এই বিষয়ে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। তিনি বলেছিলেন, "তিনজনকে একসঙ্গে দলে পাওয়াটা একটা সৌভাগ্য। তাই সিদ্ধান্তটা কঠিনই হবে। যে বাইরে থাকবে, তার সঙ্গে আমার এবং কোচের কথা বলা খুব গুরুত্বপূর্ণ। আমাদেরই তাঁকে আত্মবিশ্বাস জোগাতে হবে।” আর এদিন টসের পর বললেন, "টিম কম্বিনেশন তৈরি করা খুব কঠিন কাজ। তাই বৈভব আজ বাইরে। একইভাবে ওয়াশিংটন ও আরও দু'জন খেলছেন না।"

আফগানিস্তান নিজেদের দেশে খেলার সুযোগ পায় না। ভারতই এখন তাদের 'ঘরের মাঠ'। সেখানে প্রথমবার ভারতের বিরুদ্ধে আয়োজকের ভূমিকায় আফগানরা। দুই দেশের ক্রিকেটীয় সুসম্পর্ককে স্মরণীয় করে রাখতে উপহার আদানপ্রদান করা হল।

ভারত (প্রথম একাদশ): সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিশান, শ্রেয়স আইয়ার, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement