নাটকীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হার ভারত 'এ' দলের। যা গড়ায় সুপার ওভারে। সেখানে বৈভবও ভারতীয় দলকে বাঁচাতে পারল না। নাটক ছিল তার আগেও। এক ম্যাচে তিনটি পেনাল্টিতে দু'দল মিলে ১৫ রান অতিরিক্ত দেয়। সুপার ওভার হবে কি না, তাই নিয়েও নাটক ছিল। শেষমেশ সেই সুপার ওভারেই শ্রীলঙ্কায় আয়োজিত ত্রিদেশীয় সিরিজের ম্যাচে টানা দুই হার তিলক বর্মার নেতৃত্বাধীন দলের। ম্যাচ শেষে শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে মারামারিতে জড়াল বৈভব।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা 'এ' দলের অধিনায়ক সাহান আরাচচিগে। কিন্তু ভারতের ওপেনিং জুটি সফল হয়নি। বৈভব সূর্যবংশী এদিনও ঝোড়ো শুরু করেছিল। তবে বড় রানের দেখা পায়নি। ১৪ বলে ২১ রান করে আউট হয় ১৫ বছর বয়সি ব্যাটার। তার মধ্যেই সে হাঁকায় ৩টি চার ও একটি ছক্কা। ভারত 'এ' দলের হয়ে এখনও বড় রানের দেখা পায়নি বৈভব। রুতুরাজ গায়কোয়ার মাত্র ৩৭ রান করেন। ২৩ রানে আউট হন অধিনায়ক তিলক বর্মা। ভারতের ব্যাটিংকে ভরসা দেন সূর্যাংশ শেডগে। ৬৬ বলে ৭২ রান করেন তিনি। এছাড়া হাফসেঞ্চুরি করেন বিপরাজ নিগম। রান পাননি নাইট রাইডার্স তারকা অনুকূল রায় (৮)। শেষ পর্যন্ত ২৬৫ রান তোলে ভারতীয় দল।
কিন্তু ব্যাটিংয়ের সময় বিপরাজ এমন কাজ করলেন, যার ফল ভুগতে হল। ব্যাট করতে নামার আগেই এগিয়ে ছিল শ্রীলঙ্কা 'এ'। কেন? ভারতের ব্যাটিংয়ের ৩৩ তম ওভারে পিচের মাঝখান দিয়ে দৌড়ে রান নেওয়ার চেষ্টা করেন অনুকূল রায়। তাঁকে আম্পায়ার সাবধান করে দেন। এরপর ৩৫ তম ওভারে বিপরাজ একই কাণ্ড ঘটালে ৫ রানের পেনাল্টি দেওয়া হয়। এরপর ৩৭ তম ওভারে ফের একই ঘটনা ঘটে। সেই বিপরাজ ফের রান নিতে গিয়ে পিচের মাঝখান দিয়ে দৌড়লেন। ফলে ফের ৫ রানের পেনাল্টি।
কিন্তু সেটাও পুরোপুরি কাজে লাগাতে পারেননি শ্রীলঙ্কা 'এ' ক্রিকেটাররা। কেন? ম্যাচের মাঝে শ্রীলঙ্কার উইকেট কিপারের হেলমেটে বল লাগে। নিয়মমতো সেটাও পেনাল্টি। এবার ৫ রান পায় ভারত 'এ'। শেষমেশ ২৬৬ রান তাড়া করতে নামে শ্রীলঙ্কা। শুরুটা ভালো করলেও মাঝের দিকে একের পর এক উইকেট হারায় তারা। আয়ুষ বাদোনি ২টি উইকেট পান। ৯৩ রান করেন শ্রীলঙ্কার সাদিরা সমরবিক্রম। শেষ ওভারে জিততে তাদের দরকার ছিল ৫ রান। ভারতের হয়ে বল করছিলেন আর্শাদ খান। দুর্দান্ত বল করে ওই ওভারে মাত্র ৪ রান দেন। শেষ বলে ২ রান নিতে গিয়ে আউট হন চামিকা গুনাসেকারা। শ্রীলঙ্কা 'এ'র ইনিংসও শেষ হয় ২৬৫ রানে। এবার সুপার ওভার হবে কি না, তাই নিয়েও দীর্ঘ চর্চা চলে। ভারত অধিনায়ক তিলক বর্মা সুপার ওভার চাইছিলেন, কিন্তু আলো কমে আসছিল। শেষমেশ ৫ মিনিট কথাবার্তার পর সুপার ওভার হয়।
সেখানে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা 'এ' তোলে ১৬ রান। জবাবে ভারত 'এ' ব্যাট করতে পাঠায় সূর্যাংশ ও বৈভবকে। কিন্তু সূর্যাংশের ব্যাট একেবারেই চলেনি। প্রথম ৪ বলে ওঠে মাত্র ৫ রান। শেষ দু'বলে দরকার ছিল ১২ রান। পঞ্চম বলে বৈভব চার মারে। অর্থাৎ ১ বলে দরকার ছিল ৮ রান। যা সম্ভব ছিল না। শেষমেশ সুপার ওভারে ম্যাচ জেতে শ্রীলঙ্কা 'এ'। আর তারপর শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে মারামারিতে জড়াল বৈভব। মাঠ ছেড়ে বেরনোর সময় সে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উদ্দেশ্যে কিছু বলে। তাতেই ঝামেলা শুরু। ঘটনার ভিডিও ভাইরাল।
