টি-২০ বিশ্বকাপে খেলা নিয়ে রীতিমতো টানটান নাটক করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে নামাই হয়নি লিটন দাসদের। এবার আরও এক টুর্নামেন্ট থেকে ব্যর্থ হয়ে ফিরছে বাংলাদেশ। আবারও ভারতের কাছে হেরে খেতাব জয় অধরা থেকে গেল তাদের। রবিবার মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপ (Rising Stars Asia Cup) ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ। সেই ম্যাচে উইমেন ইন ব্লুর কাছে কার্যত আত্মসমর্পণ করল পদ্মাপাড়ের মহিলা ব্রিগেড। একশো রানও তুলতে পারল না বোর্ডে।
থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে আগেই পাকিস্তানকে হারিয়েছিল ভারত। রবিবার খেতাবি যুদ্ধে রাধা যাদবদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। গতবারও এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। রবিবার খেতাব ধরে রাখার লক্ষ্যে নামেন মিন্নু মানিরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। পাওয়ার প্লে'তে দুই ওপেনার নন্দিনী কাশ্যপ এবং দীনেশ বৃন্দা আউট হয়ে যান মাত্র ৩৩ রানে। ব্যর্থ হন অনুষ্কা শর্মা (৮) এবং মিন্নু মানি (০)।
চার উইকেট পড়ে যাওয়ার পরে ভারতীয় ইনিংসের হাল ধরেন তেজল হাসনবিশ। সঙ্গী অধিনায়ক রাধা। ৬৯ রানের জুটি গড়েন তাঁরা। তেজলের ব্যাট থেকে আসে হাফসেঞ্চুরি। ভারতের বাকি ব্যাটাররাও আর কেউ রান পাননি। নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৪ রান তোলে ভারত। তবে সামান্য রানের পুঁজি নিয়েও পালটা লড়াই দেন সাইমা ঠাকোররা।
তৃতীয় ওভার থেকেই বাংলাদেশি ব্যাটারদের উইকেট পড়তে থাকে। ওপেনার শামিমা সুলতানা সর্বোচ্চ ২০ রান করেন। ভারতীয় স্পিনারদের সামনে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে তিন উইকেট তুলে নেন প্রেমা রাওয়াত। ৬ জন ভারতীয় বোলারের প্রত্যেকেই উইকেট পেয়েছেন। উল্লেখ্য, গত বছর রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ভারত। সেমিফাইনালে সুপার ওভারে এই বাংলাদেশের কাছেই হারতে হয় বৈভব সূর্যবংশীদের। ভাইদের সেই হারের প্রতিশোধ নিল বোনরা। বাংলাদেশকে হারিয়ে ট্রফি ফিরল ভারতের ঘরে।
