shono
Advertisement
India vs Australia

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের টস হার শুভমানের, নয়া রেকর্ড ভারতের, সুযোগ পেলেন কুলদীপ?

ফের কঠিন পরিস্থিতিতে অজি পেস ব্যাটারির মুখোমুখি হতে হবে রোহিত-কোহলিকে।
Published By: Subhajit MandalPosted: 08:40 AM Oct 23, 2025Updated: 08:54 AM Oct 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ বদলায়, মাঠ বদলায়, অধিনায়কও বদলে যায়। কিন্তু ভারতের টস ভাগ্য বদলায় না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের টস হার ভারতের। আবারও প্রথমে ব্যাট করতে হবে টিম ইন্ডিয়াকে। যার অর্থ, ফের কঠিন পরিস্থিতিতে অজি পেস ব্যাটারির মুখোমুখি হতে হবে রোহিত-কোহলিকে। অ্যাডিলেডে ভারতীয় দলে কোনও বদল আসেনি।

Advertisement

ম্যাচ জেতার জন্য টস জেতাটা হয়তো জরুরি নয়, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সমস্যা হল, টিম ইন্ডিয়ার কোনও অধিনায়কই টস জিততে পারছেন না। ওয়ানডে ক্রিকেটে বৃহস্পতিবার টানা ১৭ তম টস হার ভারতীয় দলের। যা ক্রিকেট ইতিহাসে রেকর্ড। এমনিতে অ্যাডিলেডের এই মাঠে ভারতের ইতিহাস ভালো। অ্যাডিলেডে শেষ পাঁচ ওয়ানডের ৪টিই জিতেছে টিম ইন্ডিয়া। এই মাঠের পিচও ব্যাটিং সহায়ক হয়।

কিন্তু সমস্যা হল আবহাওয়া। গত দু'দিন অ্যাডিলেডে আকাশ মেঘলা ছিল, বৃষ্টিও হয়েছে। ফলে পিচে ময়েশ্চার জমার সম্ভাবনা রয়েছে। যা সুইং বোলারদের সাহায্য করবে। এই পরিস্থিতিতে মিচেল স্টার্ক বা জশ হ্যাজেলউড কতটা বিপজ্জনক হতে পারে সেটা সকলের জানা। প্রথম  ওয়ানডেতে ওই সুইং সামলাতে পারেননি বিরাট কোহলি-রোহিত শর্মারা। দ্বিতীয় ম্যাচে পারবেন কি? 

এদিন ভারতীয় দলে কোনও বদল হবে কিনা সেদিকেও নজর ছিল ক্রিকেট মহলের। বিশেষ করে ওয়াশিংটন সুন্দর বা হর্ষিত রানার বদলে কুলদীপ যাদবকে প্রথম একাদশে খেলানোর দাবি উঠছিল। কিন্তু টিম ম্যানেজমেন্ট অ্যাডিলেডের পিচে কুলদীপকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। পারথের প্রথম একাদশে কোনও বদল আনা হয়নি।  

ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের টস হার ভারতের।
  • ফের কঠিন পরিস্থিতিতে অজি পেস ব্যাটারির মুখোমুখি হতে হবে রোহিত-কোহলিকে।
  • অ্যাডিলেডে ভারতীয় দলে কোনও বদল আসেনি।
Advertisement