shono
Advertisement
India tour in Bangladesh

চার বছর পর বাংলাদেশ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া! রাজনৈতিক গোলযোগে আশার সঙ্গে থাকছে কোন বাধা?

২০২৫-র জুলাই মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের।
Published By: Arpan DasPosted: 07:01 PM Jul 14, 2026Updated: 07:01 PM Jul 14, 2026

বাংলাদেশে গিয়ে কি ক্রিকেট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া? চার বছর আগে বাংলাদেশে সিরিজ খেলতে গিয়েছিল ভারত। এরপর ২০২৫-র জুলাই মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু সেই সফরে আর যায়নি। এবার সেই সিরিজ হওয়ার আশা দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে কারণে পিছিয়ে যেতে পারে ভারতের আফগানিস্তান সিরিজ। তবে সমস্যাও কম নয়। সিরিজ আয়োজন করার আগে নতুন সমস্যাও উঠে এসেছে।

Advertisement

বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতি এবং সে দেশের অন্তর্বর্তীকালীন শাসকদের তীব্র ভারত-বিরোধিতার কারণে পদ্মাপারে ভারতের সিরিজ স্থগিত। এবছরের সেপ্টেম্বরে তিনটে ওয়ানডে এবং তিনটে টি-টোয়েন্টি ভারতের বিরুদ্ধে হবে বলে আশাবাদী বাংলাদেশ বোর্ড। জুলাই মাসের শুরুতে আচমকা এই ম্যাচের মিডিয়া স্বত্বের প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ বোর্ড। এদিকে সম্প্রতি ভারত সরকার বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা ফের চালু করেছে। যা দু'বছর বন্ধ ছিল। তারপরই বাংলাদেশ এই সিরিজ নিয়ে আশাবাদী হয়ে উঠেছে।

বিসিবি'র এক কর্তা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আমরা এই সফর নিয়ে আশাবাদী। আমরা বিসিসিআইয়ের কাছ থেকে সবুজ সংকেত পাইনি, তবে ভারত আসছে না, সেটাও বলেনি। আমরা আশা করছি, বিসিসিআইয়ের কাছ থেকে একটি ইতিবাচক সাড়া পাব।" অন্যদিকে বিসিবি সভাপতি তামিম ইকবালের ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, স্কটল্যান্ডে আইসিসি'র বৈঠকেও এই নিয়ে কথা হয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি সিরিজ আছে। মনে করা হচ্ছে, বাংলাদেশ সফরের জন্য সেটা পিছিয়ে যেতে পারে।

তবে সেটা সম্ভবত খুব সহজে হবে না। ক্রীড়া সংবাদ সংস্থা 'ক্রিকবাজে'র খবর অনুযায়ী, আচমকাই মিডিয়া স্বত্ব বিক্রির প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। চূড়ান্ত আগ্রহপত্রও প্রকাশ করা হয়নি। তাই ভারতের সম্ভাব্য সম্প্রচারকারীরা সংশয়ে। তাহলে কি সিরিজটা হচ্ছে না? একটা মত হচ্ছে, আলোচনা ছাড়া বিসিবি স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করায় বিসিসিআই অখুশি। কিন্তু তাতে সিরিজ হবে কি না, এই বিষয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে এটাও ঠিক, সামনের বছর বাংলাদেশে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ। তার আগে বাংলাদেশ সিরিজের সবুজ সংকেত আসতেই পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement