shono
Advertisement
KKR

সেঞ্চুরিতে আইপিএল মাতানোর প্রস্তুতি নাইটদের 'স্টার বয়ে'র, ইডেনে ঝড় 'বাহুবলী' সাংসদের ছেলের

শুক্রবার ইডেনে অন্তর্দলীয় ম্যাচ ছিল নাইটদের। সেখানে ঝড় তুললেন কেকেআরের 'স্টার বয়' অঙ্গকৃষ রঘুবংশী। ৫৫ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংসে আইপিএলের আগে নাইট শিবিরের চিন্তা অনেকটা কমিয়ে রাখলেন।
Published By: Arpan DasPosted: 01:06 PM Mar 21, 2026Updated: 05:16 PM Mar 21, 2026

রানের বৃষ্টিতে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল কেকেআর (KKR)। শুক্রবার ইডেনে অন্তর্দলীয় ম্যাচ ছিল নাইটদের। সেখানে ঝড় তুললেন কেকেআরের 'স্টার বয়' অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। ৫৫ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংসে আইপিএলের আগে নাইট শিবিরের চিন্তা অনেকটা কমিয়ে রাখলেন। অন্যদিকে বিহারের 'বাহুবলী' সাংসদ পাপ্পু যাদবের ছেলে সার্থক রঞ্জনও এক ওভারে ২০ তুলে দিলেন। তবে এত কিছুর মধ্যেও দুশ্চিন্তা রইল বোলিং নিয়ে।

Advertisement

ইডেন গার্ডেন্সে শুক্রবার অন্তর্দলীয় ম্যাচ ছিল নাইটরা। গোল্ডেন নাইট ও পার্পল নাইট, এভাবে দু'টি দলকে ভাগ করা হয়। প্রথম দলে ছিলেন টিম সেইফার্ট, রাচীন রবীন্দ্র, রিঙ্কু সিংরা। অন্য দলে ছিলেন অঙ্গকৃষ রঘুবংশী, রমনদীপ সিং, অজিঙ্ক রাহানেরা। প্রথমে ব্যাট করে গোল্ডেন নাইট তোলে ১৯৯ রান। সেইফার্ট ১৩ বলে ৩০ রান করেন। সার্থক রঞ্জন ১৬ বলে ৩৭ রান করেন। তাঁর ব্যাট থেকে আসে ৫টি ছক্কা ও দুটি চার। স্ট্রাইক রেট ২৩১। আর শেষবেলায় ২৫ বলে ৪০ রান করে যান রিঙ্কু। বিশ্বকাপে ফর্মে ছিলেন না। রিঙ্কুর ফর্মে ফেরা অত্যন্ত দরকারি কেকেআরের জন্য।

জবাবে অঙ্গকৃষের সেঞ্চুরিতে সহজেই ম্যাচ জেতে পার্পল নাইট। ৫৫ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন 'স্টার বয়'। উমরান মালিকের এক ওভারে তোলেন ২৪ রান। তাঁর ব্যাট থেকে আসে ৯টি চার ও পাঁচটি ছক্কা। ফিল্ডিংয়ের সময় উইকেটকিপিংও করেন অঙ্গকৃষ। মুম্বইকরকে এবার নয়া ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে রান পাননি অধিনায়ক অজিঙ্ক রাহানে। মাত্র ২ রান করে আউট হন তিনি। উমরান মালিক বল হাতে ৪৭ রান দেন। ব্লেসিং মুজারাবানি ৩০ রান দেন। তবে তরুণ পেসার কার্তিক ত্যাগী ৩০ রান দিয়ে ৩ উইকেট তোলেন।

এদিন কলকাতায় পা রাখলেন ক্যামেরন গ্রিন। অজি তারকাকে রেকর্ড ২৫.২ কোটি টাকায় কিনেছে নাইটরা। অন্যদিকে নিলামে সার্থককে দলে নিয়েছে কেকেআর। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ। সার্থকের আরও একটি পরিচয় আছে। তিনি বিহারের 'বাহুবলী' সাংসদ রাজীব রঞ্জন অর্থাৎ পাপ্পু যাদবের ছেলে। পাপ্পু পূর্ণিয়ার সাংসদ। কংগ্রেসের সঙ্গে যুক্ত। তবে জিতেছিলেন নির্দল হিসাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement