shono
Advertisement
Vaibhav Suryavanshi

প্রথমবার মুখোমুখি বৈভব-বুমরাহ! মুম্বই তারকার বিরুদ্ধে 'আসল' পরীক্ষা বিস্ময় প্রতিভার, জিতবে কে?

একদিকে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সম্ভবত সেরা বোলার। অন্যদিকে ১৫ বছরের বিস্ময় প্রতিভার বিধ্বংসী ব্যাটিং। এই প্রথমবার জশপ্রীত বুমরাহর মুখোমুখি হবে বৈভব সূর্যবংশী। তাকে নিয়ে কী পরিকল্পনা মুম্বই ইন্ডিয়ান্সের?
Published By: Arpan DasPosted: 12:42 PM Apr 07, 2026Updated: 12:42 PM Apr 07, 2026

একদিকে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সম্ভবত সেরা বোলার। অন্যদিকে ১৫ বছরের বিস্ময় প্রতিভার বিধ্বংসী ব্যাটিং। এই প্রথমবার জশপ্রীত বুমরাহর মুখোমুখি হবে বৈভব সূর্যবংশী। যেভাবে বাকি ব্যাটারদের হতাশ করেন, রাজস্থান রয়্যালসের ব্যাটারকেও কি বেকায়দায় ফেলবেন বুমরাহ? নাকি বাকি বোলারদের মতো মুম্বই ইন্ডিয়ান্সের তারকার বলকেও মাঠের বাইরে ফেলবে বৈভব? যুদ্ধ দেখার জন্য উদগ্রীব ক্রিকেট দুনিয়া।

Advertisement

আইপিএলে গতবারও মুখোমুখি হয়েছিল মুম্বই-রাজস্থান। ততদিনে তারকা হয়ে গিয়েছে বৈভব। মুম্বইয়ের বিরুদ্ধে নামার ঠিক আগের ম্যাচেই গুজরাটের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করেছিল। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে রানের খাতা খুলতে পারেনি। ট্রেন্ট বোল্টের প্রথম ওভারেই শূন্য রানে ফেরে বৈভব। অর্থাৎ বুমরাহর সঙ্গে মোকাবিলা হয়নি। এবার অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে বুমরাহ-বৈভব দ্বৈরথ দেখার অপেক্ষা।

মুম্বইয়ের বিরুদ্ধে ভালো শুরুর জন্য বৈভবের দিকেই তাকিয়ে রয়েছে রাজস্থান। তবে এই কিশোর প্রতিভাকে নিয়ে বাড়তি ভাবনা নেই বলে বার্তা মুম্বইয়ের বোলিং কোচ পরশ মামব্রের। এদিন শুনিয়ে গেলেন, “বৈভব আর অচেনা কেউ নয়। এটা আইপিএলে ওর দ্বিতীয় বছর। একটা মরশুম খেলে ফেলেছে। ও দুরন্ত ব্যাটিং করছে। ভালো প্লেয়ার। সেটা মাথায় রেখেই আমরা ওকে ঠেকানোর পরিকল্পনা সাজাচ্ছি। তবে আমরা বাড়তি ভাবছি না। অন্যদের জন্য যেভাবে তৈরি হই, ওর ক্ষেত্রে সেটাই করছি।"

বৈভব এবারও আগুনে ফর্মে আছে। প্রথম ম্যাচে ১৭ বলে ৫২, দ্বিতীয় বলে ১৮ বলে ৩১ করেছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে তাকে। অন্যদিকে শুধু ভারত নয়, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা বোলার হিসেবে ধরা হয় বুমরাহকে। বিশ্বকাপেও তার প্রমাণ পাওয়া গিয়েছে। এবার জিতবে কে? অনেকে বলছেন, বুমরাহ জিতলেও বৈভব যেন মনখারাপ না করে। কারণ সেরা বোলারের কাছে সে পরাস্ত হবে। আর যদি বৈভব জেতে, তাহলে বুমরাহ খুশি হতে পারেন যে ভারতীয় ক্রিকেটের ইতিহাস সুরক্ষিত হাতে আছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement