shono
Advertisement
KKR

বরুণের অফ ফর্মে চিন্তিত সৌরভ, কেকেআর কি কামব্যাক করবে? মুখ খুললেন মহারাজ

প্রথম দুই ম্যাচে হার। পাঞ্জাবের বিরুদ্ধে ভাগ্যের জোরে এক পয়েন্ট। আইপিএলে একেবারেই ভালো অবস্থায় নেই কেকেআর।
Published By: Anwesha AdhikaryPosted: 09:45 AM Apr 07, 2026Updated: 09:45 AM Apr 07, 2026

ইডেনে গার্ডেন্সে শ্রেয়স আইয়ার-অজিঙ্ক রাহানেরা যখন হাত মেলাচ্ছিলেন, তখনই পরিষ্কার ম্যাচের রেজাল্ট কী। মাত্র ৩.৪ ওভার খেলা হল। তারপর টানা ঘণ্টা আড়াই বৃষ্টি। যার ফলে আর খেলা শুরু করা যায়নি। তবে এত বৃষ্টির পরও ইডেন বলেই একটা আশা ছিল। পিচ কভার সরিয়ে ম্যাচ করার শেষ চেষ্টাও করা হয়েছিল। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে মাঠে চলে যান। কিন্তু পর্যাপ্ত সময় না থাকায় ম্যাচ শুরু করা যায়নি। নিয়ম অনুযায়ী পাঁচ ওভারের ম্যাচের জন্য ১১.১৪-র মধ্যে খেলা শুরু করতেই হত। রাতে ইডেন থেকে বেরোনোর সময় সৌরভ খানিকটা আফসোসের সুরেই বলছিলেন, "বৃষ্টি যদি দশটাতেও থামত, তাহলে খেলা শুরু করে দেওয়া যেত। যে সময় বৃষ্টি থেমেছ, তারপর আর একদমই সময় ছিল না।"

Advertisement

ঘটনা হল, পরিত্যক্ত ম্যাচেও কেকেআর নিয়ে বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। টস জিতে অধিনায়ক অজিঙ্ক রাহানের আগে ব্যাটিং করা। মাত্র দু'টো ম্যাচ পরই বরুণ চক্রবর্তীর না খেলা। রাহানে বলে যান, বরুণের চোট রয়েছে। অনেকেই মনে করছেন, চোট নয়, আসল কারণ হল বরুণের অফ ফর্ম। ভাবলে অবাক লাগে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেও বরুণ বিপক্ষ টিমগুলোর ত্রাস ছিলেন। এখন অবস্থা বেশ শোচনীয়। কেউ কেউ বলছেন, এভাবে চলতে থাকলে ভারতীয় দল থেকেও বাদ পড়তে হবে। যেহেতু পরের ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়, বরুণ ওয়ান ডে'তে ভাবনা-চিন্তায় নেই। টেস্ট খেলেন না। শুধু টি-টোয়েন্টি খেলছেন। পরের বিশ্বকাপের দু'বছর দেরি। খারাপ ফর্ম থাকলে ভারতীয় টিম ম্যানেজমেন্টও নতুন করে ভাবনা-চিন্তা শুরু করতে পারে। রবি বিফোইয়ের মতো তরুণ স্পিনারদের বিশ্বকাপের জন্য তৈরি করা হতে পারে।

বরুণের অফ ফর্ম খানিকটায় চিন্তায় ফেলেছে সৌরভকেও। বলছিলেন, 'বরুণ অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যাটাররা ওকে 'পিক' করে ফেলছে। বুঝে যাচ্ছে ও কী বল করবে। সেটাই সমস্যার। কেকেআর বোলিংয়ের দুই বড় অস্ত্র হল বরুণ আর সুনীল নারিন। দু'জনেই একেবারে ফর্মে নেই। সেটা টিমকে চাপে তো ফেলবেই।" রাহানের প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও সৌরভকে প্রশ্ন করা হয়েছিল। কেকেআর অধিনায়কের এহেন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই বুঝতে পারছেন না, কেন এরকম একটা সিদ্ধান্ত। বিশেষ করে যেখানে আগে থেকে বৃষ্টির পূর্বভাস ছিল। তাছাড়া বৃষ্টির জন্য যেখানে গত চব্বিশ ঘণ্টা পিচ থেকে কভারই সরেনি, সেখানে আগে ব্যাট করার যৌক্তিকতা কোথায়?

সৌরভ বলছিলেন, "আগে ব্যাট করেও টিম জেতে। আরসিবি আগের দিন প্রথমে ব্যাট করে আড়াইশো তুলল। তবে যে ম্যাচে বৃষ্টির পূর্বাভাস ছিল, সেখানে টস জিতে আগে ফিল্ডিং করে নিতে পারত। এটা ওদের টিমের সিদ্ধান্ত।" প্রথম দুই ম্যাচে হার। পাঞ্জাবের বিরুদ্ধে ভাগ্যের জোরে এক পয়েন্ট। আইপিএলে একেবারেই ভালো অবস্থায় নেই কেকেআর। তবে সৌরভ এখনই আশা ছাড়ছেন না। বলে গেলেন, "ওদের সমস্যা হল, কেউ ভালে খেলতে পারছে না। তবে টুর্নামেন্টের এখনও অনেক বাকি। সবে তো তিনটে ম্যাচ হল। কেকেআর ঘুরে দাঁড়াতেই পারে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement