ভুবনেশ্বর কুমারের দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটমহল। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন অভিজ্ঞ এই পেসার। ধারাবাহিক সাফল্যের পর তাঁকে আবার ভারতীয় দলে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত এবং রবিচন্দ্রন অশ্বিন।
মুম্বই ইন্ডিয়ান্সকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়ের অন্যতম নায়ক ছিলেন ভুবি। বল হাতে চার উইকেট নেওয়ার পাশাপাশি শেষ ওভারে একটি ছক্কাও হাঁকান তিনি। ৩৬ বছরের এই পেসার ১১ ম্যাচে ২১ উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে শীর্ষে। গড় ১৫.২৯। ইকোনমি রেট ৭.৪৭। আইপিএলে চতুর্থবার এক মরশুমে ২০-র বেশি উইকেট নিলেন তিনি। শেষ তিন বলে জয়ের জন্য আরসিবি'র দরকার ছিল ৯ রান। সেই সময় রাজ অঙ্গদ বাওয়ার বলে পয়েন্টের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। এরপর তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটাররা।
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, "ভুবনেশ্বর কুমারের বোলিং দেখেছেন? অসাধারণ! একেবারে পুরনো ভুবিকে মনে পড়িয়ে দিল। দ্বিতীয় ওভারেই ম্যাচ শেষ করে দিয়েছিল ও। প্রথমে রিকেলটনকে আউট করল। তারপর নাকাল বলে রোহিত শর্মাকে ফেরাল। পরের বলেই সূর্যকুমার যাদবকে শূন্য রানে আউট করল। ঠিক তখনই মুম্বইয়ের হাত থেকে ম্যাচ বেরিয়ে যায়।" এরপরই ভারতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের দাবি তোলেন শ্রীকান্ত। তিনি বলেন, "আমি বলছি, ভুবনেশ্বরের আবারও ভারতের হয়ে খেলা উচিত।"
২০২২ সালের নভেম্বরে শেষবার ভারতের জার্সিতে খেলেছিলেন ভুবনেশ্বর। এরপর আর সুযোগ পাননি। কিন্তু এই বয়সেও যেভাবে ফিটনেস ধরে রেখেছেন ভুবি, তা দেখে চমকে যেতে হয়। তাঁর তারিফ করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফস্পিনার অশ্বিন। সম্প্রচারকারী চ্যানেলকে তিনি বলেন, "এটা ভুবনেশ্বর কুমারের টুর্নামেন্ট। ও প্রচণ্ড পরিশ্রম করেছে। সমস্ত টি-টোয়েন্টি ম্যাচে খেলেছে। ফিটনেস নিয়েও ভীষণ খেটেছে। ও খুব শান্ত স্বভাবের। কিন্তু দলের জন্য দারুণ সম্পদ।"
তাঁর সংযোজন, "#BringBackBhuvi ট্রেন্ড শুরু হওয়ার অপেক্ষায় আছি। আমি চাই ওকে আবার ভারতীয় দলের জন্য ভাবা হোক। নতুন বলে সুইং করাতে পারে। ডেথ ওভারেও একইভাবে ধারাবাহিক ও। প্রয়োজনে ব্যাট হাতেও চাপের মধ্যে ছক্কা হাঁকাতে পারে।" চলতি মরশুমে পাওয়ার প্লে, মিডল ওভার এবং ডেথ ওভার, তিন পর্যায়েই দুর্দান্ত বোলিং করেছেন ভুবি। পাওয়ার প্লে-তে তাঁর ইকোনমি ৭.০০। মিডল ওভারে ৮.৪২। ডেথ ওভারে ৭.৮৩।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ক্রুণাল পাণ্ডিয়া বলেন, "ভারত যে সেরা বোলারদের তৈরি করেছে, ভুবনেশ্বর তাদের মধ্যে অন্যতম। প্রায় ২০০-র বেশি আইপিএল ম্যাচ খেলেও সাতের আশপাশে ইকোনমি ধরে রাখা অবিশ্বাস্য। পাওয়ারপ্লে থেকে ডেথ ওভার, সবেতেই ও সাবলীল। বছরের পর বছর চুপচাপ নিজের কাজটা করে যাচ্ছে। নিঃসন্দেহে ও একজন চ্যাম্পিয়ন বোলার।" উল্লেখ্য, ১৩ মে রায়পুরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামবে বেঙ্গালুরু।
