shono
Advertisement
Karun Nair

'প্রিয় ক্রিকেট...', ক্যাচ ফেলতেই ট্রোলের মুখে করুণ, পুরনো পোস্ট টেনে খোঁচা নেটপাড়ায়

হতশ্রী ফিল্ডিংয়ের পর নেটপাড়ায় ট্রোলের মুখে পড়লেন করুণ নায়ার। চার বছর আগের পোস্ট টেনে এনে তাঁকেই 'ম্যাচ কা মুজরিম' ঠাওরিয়েছেন নেটিজেনরা।
Published By: Prasenjit DuttaPosted: 02:18 PM Apr 26, 2026Updated: 06:28 PM Apr 26, 2026

হাই স্কোরিং ম্যাচ। ৩৯ ওভারে দুই দলের স্কোর মিলিয়ে উঠল ৫২৯ রান। রানবন্যার এই ম্যাচে দুঃস্বপ্নের সন্ধ্যা কাটালেন করুণ নায়ার (Karun Nair)। পরিবর্ত হিসাবে ফিল্ডিং করতে নেমে পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ারের দু-দু'টি সহজ ক্যাচ নিতে পারলেন না। ফলাফল? ২৬৫ রানের হিমালয় টপকে ৭ বল বাকি থাকতেই ড্যাংড্যাং করে ম্যাচ জিতে নিল পাঞ্জাব। দু'বার জীবন পেয়ে ৩৬ বলে ৭১ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন পাঞ্জাব অধিনায়ক। এমন হতশ্রী ফিল্ডিংয়ের পর নেটপাড়ায় ট্রোলের মুখে পড়লেন করুণ নায়ার। চার বছর আগের পোস্ট টেনে এনে তাঁকেই 'ম্যাচ কা মুজরিম' ঠাওরিয়েছেন নেটিজেনরা।

Advertisement

ঠিক কী ঘটেছে? এর উত্তর পেতে গেলে দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচের দ্বিতীয় ইনিংসে যেতে হবে। রান তাড়া করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার এমন ঝড় তুললেন, তাতে আয়লা বা ফণীর মতো তাবড় দুই ঘূর্ণিঝড়ও ভয় পেতে বাধ্য। তাঁদের ঝোড়ো ব্যাটিংই পাঞ্জাবকে শক্তিশালী জায়গায় দাঁড় করিয়ে দেয়। পাওয়ার প্লে-র পরের ওভারে পাঞ্জাবকে প্রথম ধাক্কা দিলেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। ১৭ বলে ৪৩ রানে সাজঘরে ফিরলেন প্রিয়াংশ। খানিক পরেই কুলদীপের ফেরালেন বিপজ্জনক হয়ে ওঠা প্রভসিমরনকেও। ২৬ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংসে মারলেন ৯ চার, ৫ ছক্কা। রান পেলেন না কুপার কনলি (১৭)। ধীরে ধীরে যখন ম্যাচে ফিরছে দিল্লি, সেই সময় যেন দায়িত্ব নিয়ে রাজধানীর দলকে ডোবালেন করুণ নায়ার।

মাত্র চার বলের ব্যবধানে দু'টি ক্যাচ মিস করলেন করুণ। শ্রেয়স তখন ২৮ রানে। লং অফে তুলে মারলেন। সবাই যখন ধরে নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়কের ইনিংসের সাঙ্গ হতে চলেছে, ক্যাচের সুযোগ নষ্ট করুণের। এরপর ৩৫ রানের মাথায় লং অনে ফের শ্রেয়সের ক্যাচ ছাড়লেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ঝোড়ো ইনিংস খেলেন শ্রেয়স। ২৬৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় পায় পাঞ্জাব। ম্যাচের মোড় ঘুরে যায় করুণের জঘন্য ফিল্ডিংয়ে। এরপরেই ভাইরাল করুণ নায়ারের ২০২২ সালের এক পোস্ট।

সেই সময় ভারতীয় দলে সুযোগ না পেয়ে সোশাল মিডিয়ায় লিখেছিলেন, 'প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও।' পুরনো সেই পোস্ট ঘিরেই শুরু হয় কটাক্ষের ঝড়। এক নেট নাগরিক লেখেন, 'প্রিয় ক্রিকেট, দয়া করে করুণ নায়ারকে আর সুযোগ দিও না।' কারওর কথায়, "এই সুযোগটাই কি চেয়েছিলেন করুণ? দু'টো ক্যাচ ফেলে ম্যাচ দিয়ে দিলেন!" আরেকজন বলছেন, 'করুণ নায়ারকে সুযোগ দেওয়া মানে প্রতিপক্ষকে বোনাস দেওয়া।' এক ইউজারের কথায়, 'ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দিলেন করুণ। দুঃখের বিষয়, নিজের দলের বিরুদ্ধে।' আরও এক পোস্টে বলা হয়, 'আমাকে আর একটা সুযোগ দাও... করুণের সেই আর্তি আজ আবার ভাইরাল। ট্রিপল সেঞ্চুরি করা ক্রিকেটার থেকে আজকের এই ব্যর্থতা! সব মিলিয়ে চরম হতাশাই স্পষ্ট।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement