সামনে প্লেঅফের কঠিন অঙ্ক। ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম ইনিংসের অঙ্কটা নাইটরা সহজেই কষে ফেলল। ফিন অ্যালেনের 'ফ্যানট্যাস্টিক' ইনিংসের পর দেখা গেল বিধ্বংসী অঙ্গকৃষ রঘুবংশীকে। ইডেনে এটা নাইটদের ১০০তম ম্যাচ। সেই ম্যাচের প্রথম ইনিংসে টসে হেরে ব্যাট করতে নামে কেকেআর। তাতে গুজরাটের বেশ কয়েকটি ক্যাচ মিসের সুবিধাও পেল নাইটরা। প্রথম ইনিংসে কেকেআর তুলল ২ উইকেট হারিয়ে ২৪৭ রান। ফিন করলেন ৯৩ রান। অঙ্গকৃষ অপরাজিত থাকলেন ৮২ রানে। সঙ্গে ক্যামেরন গ্রিনও ৫২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে যান। ইডেনের পিচ ব্যাটিং সহায়ক। কিন্তু গুজরাট যেভাবে ক্যাচ ছাড়ল, তাতে বোলিং শক্তির সঙ্গে 'ভাগ্যসহায়' বলেও আশাবাদী হতে পারেন নাইটভক্তরা। প্লেঅফের অঙ্কে বেঁচে থাকতে হলে ভাগ্যের সাহায্য প্রয়োজন হবে অজিঙ্ক রাহানেদের।
রাজ্যে নির্বাচনের জন্য ৫ ম্যাচ পর ইডেনে ফিরেছে কেকেআর। টানা চারটে ম্যাচ জেতার পর আরসিবি'র কাছে হেরে প্লেঅফ অঙ্ক জটিল হয়েছে। হয়তো ভাগ্যের সাহায্যও প্রয়োজন পড়বে। ঘরের মাঠে প্রথম ইনিংসে সেটা কিন্তু ভালোমতোই পেল কেকেআর। অন্তত শুভমান গিলরা যে হারে ক্যাচ ফেলেছেন, তাতে আপাতত 'ভাগ্যসহায়' বলাই যায়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে নাইটরা। একদিকে ফিন অ্যালেন যখন বেধড়ক মার শুরু করলেন, তখন অধিনায়ক রাহানের রান ১৪ বলে ১৪। মহম্মদ সিরাজের বলে বোল্ড হওয়াটা নাইটদের জন্য যেন 'শাপে বর' হয়ে দেখা দিল। অবশ্য খানিক পরে ফের সিরাজ 'সাহায্য' করলেন কেকেআর'কে। ফিন অ্যালেনের রান যখন ৩৪, তখন একেবারে 'লোপ্পা' ক্যাচ পড়ল। ব্যস, তারপর আর দেখে কে? বিশ্বকাপে এই মাঠে সেঞ্চুরি করেছেন। এদিন অল্পের জন্য সেঞ্চুরি মিস হল।
তাঁর ৯৩ রানের ইনিংসটা সাজানো ছিল ৪টে চার ও ১০টা ছক্কা দিয়ে। স্ট্রাইক রেট ২৬৫.৭১। রশিদ খান থেকে আর্শাদ খান, যিনি বল করতে আসুন না, সব মাঠের বাইরে। যেন হাইলাইটস চলছে। চার-ছক্কায় কখন যে ৯০-র কোঠায় পৌঁছে গেলেন টেরই পাওয়া যায়নি। শেষমেশ সাই কিশোরের স্পিনে বাউন্ডারি লাইনে ধরা পড়লেন। দাঁড়ান, তাতে গুজরাটের স্বস্তির কিছু নেই। এবার সংহারক রূপ ধরলেন অঙ্গকৃষ রঘুবংশী। হাফসেঞ্চুরি করলেন ৩৩ বলে। পরের ১১ বলে এল ৩০-র বেশি রান। শেষ পর্যন্ত ৪টে চার ও ৭টা ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকলেন নাইটদের 'স্টারবয়।' ওদিকে ক্যামেরন গ্রিনকে জীবন দিলেন আর্শাদ খান। তিনি করলেন ৫২ রান। কেকেআর ২ উইকেট হারিয়ে করল ২৪৭ রান। যা কেকেআরের তৃতীয় সর্বোচ্চ রান।
এদিন নাইটদের দলে ফিরেছেন বরুণ চক্রবর্তী। প্রথমবার নাইট জার্সিতে অভিষেক হতে চলেছে মাথিশা পাথিরানার। ইডেনের ব্যাটিং সহায়ক পিচে শুভমান গিলদের থামাতে পারবে তো নাইট বোলিং?
