গুজরাট টাইটান্সের (GT) বিরুদ্ধে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিলেন নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক অজিঙ্ক রাহানে। যুক্তি একটাই। চার ম্যাচ হেরেছি। এবার ব্যাটাররা একটু স্বাধীনভাবে ব্যাট করুক। সেই উদ্দেশে দলে একটাই বদল এসেছে। আহমেদাবাদে ওপেনে ফিন অ্যালেনের জায়গায় এসেছেন তাঁরই আন্তর্জাতিক দলের সতীর্থ টিম সেইফার্ট।
সবাই জেতে। শুধু কেকেআর জেতে না। প্রথম একাদশে কারা খেলবে, তাই ঠিক করে উঠতে পারেনি অজিঙ্ক রাহানের দল। আগে ব্যাট করে হেরেছে। রান তাড়া করতে গিয়ে ডুবেছে। অতএব উপায়? রাহানের যুক্তির সারবত্তা হল, সবই তো করেছি। এবার একটু আগে ব্যাট করা যাক। তাতে ব্যাটাররা 'স্বাধীনতা' পাবে, 'সাহসী' ক্রিকেট খেলতে পারবে। যদি একটা ভালো স্কোর তুলে দেওয়া যায়, তাহলে মন্দ কী! অর্থাৎ পিচ, কন্ডিশন, আবহাওয়া, প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা এসব কিছু নিয়েই যেন আর ভাবছে না কেকেআর।
আহমেদাবাদে শুভমান গিলদের বিরুদ্ধে লড়াইয়ে একটা বদল কার্যত নিশ্চিত ছিল। আইপিএলের (IPL 2026) শুরুটা ভালোই করেছিলেন ফিন অ্যালেন। কিন্তু গত তিনম্যাচে তাঁর রান দুই সংখ্যায় ওঠেনি। তাঁর জায়গায় যে টিম সেইফার্ট আসছে, তা কার্যত নিশ্চিত ছিল। রাহানেও জানিয়ে দিলেন, এক কিউয়ির জায়গায় আরেক কিউয়ি খেলবেন। প্রশ্ন হল, ফের নারিন তাঁর সঙ্গে ওপেন করবেন? বাকি দল অপরিবর্তিত। সেই সঙ্গে জানিয়ে দিলেন, টানা হারলেও এই ম্যাচ জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। ভালো ক্রিকেট খেলাটাই কেকেআরের লক্ষ্য।
অন্যদিকে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলের মত, তাঁরা প্রথমে বলই করতে চেয়েছিলেন। পরের দিকে শিশির সমস্যা করতে পারে। গুজরাট টাইটান্সের দল অপরিবর্তিত।
কলকাতা নাইট রাইডার্স প্রথম একাদশ: টিম সেইফার্ট, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃষ রঘুবংশী, রভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রায়, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী
