shono
Advertisement
IPL 2026

কঠিন লড়াইয়ে স্পিনার ছাড়াই নামছে কেকেআর! ইডেনে নাইটদের প্রথম একাদশে কেন নেই বরুণ-সুনীল?

ঘরের মাঠে কঠিন লড়াই। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে বেশ চাপ নিয়েই নামছে কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কুদের উৎসাহ দিতে স্টেডিয়ামে থাকবেন হর্ষিত রানা। চোট পেয়ে বাদ পড়লেও নাইটদের জন্য সদা উপস্থিত ভারতীয় পেসার। 
Published By: Arpan DasPosted: 07:09 PM Apr 06, 2026Updated: 07:49 PM Apr 06, 2026

ঘরের মাঠে কঠিন লড়াই। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে বেশ চাপ নিয়েই নামছে কলকাতা নাইট রাইডার্স। সেখানে কার্যত স্পিনার ছাড়াই খেলবে কেকেআর। নাইটদের দুই ব্রহ্মাস্ত্র সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকে 'বাদ' দিয়েই নামছেন অজিঙ্ক রাহানেরা। অধিনায়ক জানিয়ে গেলেন নারিন অসুস্থ ও বরুণ আগের ম্যাচে চোট পেয়েছেন। আবার এটাও ঠিক যে, দুই স্পিনারই ফর্মে নেই। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামবে কেকেআর। 

Advertisement

প্রথম দুই ম্যাচে হার। বোলিংয়ে আগ্নেয়াস্ত্রের ঘাটতি, ফিনিশিং দুর্বল, স্পিনাররা ছন্দহীন, প্ল্যান বি’র অভাব- নাইট শিবিরে প্রচুর সমস্যা। ক্যামেরন গ্রিন বোলিং করবেন কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। সেটা হলে খুশিই হবেন নাইটভক্তরা। তবে এত বড় 'চমক' সম্ভবত কেউ আশা করেননি। সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকে ছাড়া নাইটদের প্রথম একাদশ কল্পনা করাই যায় না। এদিন সেটাই হচ্ছে। নারিন অসুস্থ, আগের ম্যাচে বরুণ চোট পেয়েছিলেন। তাই আপাতত শুধু অনুকূল রায়ই নাইটদের স্পিন বিভাগের ভরসা।

দুই স্পিনারের জায়গায় রাহানেরা দলে নিয়েছেন নবদীপ সাইনি ও রভম্যান পাওয়েলকে। দু'জনেই পেস বোলিং করেন। নাইট জার্সিতে এদিনই নবদীপের অভিষেক হবে। রভম্যানকে দলে নেওয়ার অর্থ ফিনিশিং শক্তিশালী করা। পাশাপাশি তাঁকে বোলিংয়ের জন্য তৈরি রাখা মানে ক্যামেরন গ্রিনকে দিয়ে সম্ভবত এই ম্যাচেও বল করানো হবে না। তবে এটাও ঠিক, নারিন বা বরুণের আনফিট থাকার কথা সাংবাদিক সম্মেলনে জানাননি নাইটদের বোলিং কোচ। তাহলে কি দু'জনেই অফ ফর্মের জন্য বাদ পড়লেন? টসে জিতে নাইট অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলে যান, "পিচ শুকনো। তাই প্রথমে ব্যাট করে রান চাপিয়ে দিতে চাই। বড় ম্যাচে জিতলে দল ছন্দে আসবে।" তার জন্য উৎসাহ দিতে স্টেডিয়ামে থাকবেন হর্ষিত রানা। চোট পেয়ে বাদ পড়লেও নাইটদের জন্য সদা উপস্থিত ভারতীয় পেসার। 

অন্যদিকে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার নিশ্চয়ই 'প্রতিশোধ' নিতে চাইবেন। চ্যাম্পিয়ন করার পরও তাঁকে বাদ দেয় কেকেআর। গতবার ইডেনে নাইটদের সঙ্গে পাঞ্জাবের লড়াই বৃষ্টির জন্য 'অসমাপ্ত' থেকে যায়। এবার কি 'প্রতিশোধ' নিয়েই ফিরবেন? এদিন কিন্তু স্টেডিয়াম প্রায় ফাঁকাই দেখা গেল। ঘরের মাঠে জনসমর্থনও কি হারাচ্ছে নাইটরা? 

নাইটদের প্রথম একাদশ: ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃষ রঘুবংশী, রভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রায়, নবদীপ সাইনি, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement