মাঝপথে আইপিএল। এমন একটা সময় মাঠের পারফরম্যান্স নয়, বরং মাঠের বাইরের বিতর্কে চাপে পড়েছে রাজস্থান রয়্যালস। দলের দুই সিনিয়র সদস্যকে ঘিরে পরপর দু’টি বিতর্কের পর অবশেষে মুখ খুললেন প্রধান কোচ কুমার সঙ্গকারা। তিনি স্বীকার করে নিয়েছেন, ঘটনাগুলি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে তাঁকে ই-সিগারেটে সুখটান দিতে দেখা যায়। সেই ভিডিও ভাইরালও হয়। পরে আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁর ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়। যদিও নির্বাসনের শাস্তি দেওয়া হয়নি। এর আগে আরেক ঘটনায় জরিমানা গুনতে হয় রাজস্থানের টিম ম্যানেজার রোমি ভিন্দরকে। ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায় তাঁকে। তাঁর পাশে বসেছিলেন বৈভব সূর্যবংশী। এই ঘটনায় তাঁকে ১ লক্ষ টাকা জরিমানা করা হলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
সঙ্গকারা বলেন, "এ ধরনের বিতর্ক কোনও দলের পক্ষেই ইতিবাচক নয়। তবে এটুকু বলতে পারি, দুই ঘটনাই বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই গুরুত্ব সহকারে দেখেছে। দলের প্রত্যেককে বলছি, দলের সংস্কৃতি এবং শৃঙ্খলা বজায় রাখতেই হবে।" উল্লেখ্য, প্লে-অফের লড়াইয়ে রয়েছে তারা। এই মুহূর্তে এমন বিতর্কিত ঘটনা ফোকাস নাড়িয়ে দিতে পারে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়পুরে নামার আগে শ্রীলঙ্কান কিংবদন্তি স্পষ্ট করে দিয়েছেন, এখন দল চায় সমস্ত মনোযোগ আবার ক্রিকেটেই ফিরুক। জয়পুরের উইকেট নিয়েও আশাবাদী রাজস্থান কোচ। তাঁর কথায়, "দেখে মনে হচ্ছে ভালোই পিচ পাওয়া যাবে। দিল্লির মতো দলের বিরুদ্ধে আমরা সেরাটাই আশা করছি।" তবে এখন রাজস্থানের সামনে একটাই চ্যালেঞ্জ, শৃঙ্খলাভঙ্গ নয়, মাঠের পারফরম্যান্সই যেন শিরোনামে থাকে। এই মুহূর্তে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস।
