দিল্লি ক্যাপিটালস শিবিরে স্বস্তি। চোট কাটিয়ে ফের দলের সঙ্গে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকান তারকা পেসার লুঙ্গি এনগিডি। গত শনিবার দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে মাথায় বিশ্রী চোট পেয়েছিলেন লুঙ্গি এনগিডি। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মাঠে। মাথা ও ঘাড়ে আঘাত পাওয়ার পর সঙ্গে সঙ্গে প্রোটিয়া পেসারকে মাঠ থেকে সটান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সুস্থ হয়ে তিনি ফের অনুশীলনে নেমেছেন তিনি।
১ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়পুরে নামতে চলছে দিল্লি। তার আগে ফ্র্যাঞ্চাইজিটি সোশাল মিডিয়ায় এক ভিডিওতে পোস্ট করে। সেখানে নেটে পুরোদমে বোলিং করতে দেখা গিয়েছে এনগিডিকে। স্টাম্প ভেঙে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায় তাঁকে। সেই ভিডিওতেই কাইল জেমিসনকে বলতে শোনা যায়, "এনগিডি ফিরে এসেছেন, আবারও ফিরে এসেছেন!"
শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির দেওয়া ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। রানের গতিতে লাগাম পরাতে তৃতীয় ওভারে বল করতে আসেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। সেই ওভারের তৃতীয় বলেই লোপ্পা ক্যাচ তোলেন প্রিয়াংশ। তবে মিড অফে পৌঁছে ক্যাচ নেওয়াটা লুঙ্গির পক্ষে বেশ কঠিন ছিল। তা সত্ত্বেও ক্যাচ লুফতে পিছনের দিকে দৌড়তে শুরু করেন প্রোটিয়া পেসার। বল তাঁর নাগালের বাইরে চলে যায় এবং মাঠে পড়ে যান লুঙ্গি।
যন্ত্রণায় কাতরাতে শুরু করেন তিনি। শুয়ে পড়েন মাঠে। সঙ্গে সঙ্গে ফিজিও-সহ দলের সাপোর্ট স্টাফরা ছুটে যান। কিন্তু কারওর ডাকেই সাড়া দেননি তারকা পেসার। প্রায় ১৫ মিনিট ধরে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা চলে। লাভ হয়নি কোনও। শেষ পর্যন্ত মাঠে অ্যাম্বুল্যান্স আনা হয়। বিএলএক্স সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় লুঙ্গিকে। পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। সেই এনগিডি অনুশীলনে ফিরলেন।
অনুশীলনে ফিরলেও রাজস্থান ম্যাচে তাঁর খেলা এখনও অনিশ্চিত। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কনকাশন ধরা পড়া ক্রিকেটারদের ক্ষেত্রে আইসিসি'র সাত দিনের বাধ্যতামূলক বিশ্রামবিধি রয়েছে। সেই নিয়ম মেনেই তাঁকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হতে পারে। চলতি মরশুমে দিল্লির অন্যতম সফল বোলার এনগিডি। ছয় ইনিংসে ৭ উইকেট নিয়েছেন। গড় ২৯.৪২। তবে টানা দুই হারে চাপে দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে দলটি।
