রবিবাসরীয় সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবারের আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে নাইটদের শিবিরে স্বস্তির খবর। দীর্ঘ রিহ্যাবের পর অবশেষে দলে ফিরতে চলেছেন শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা। রেভস্পোর্টস সূত্রে জানা গিয়েছে, ৬ এপ্রিলের মধ্যে দলে যোগ দিতে পারেন তিনি।
নিলাম থেকে ১৮ কোটি টাকা দিয়ে পাথিরানাকে কিনেছে কেকেআর। কিন্তু বিশ্বকাপ চলাকালীন পায়ের চোট পান শ্রীলঙ্কার পেসার। এরপর আইপিএলে তাঁর খেলা নিয়ে সংশয় অব্যাহত ছিল। প্রথমে শ্রীলঙ্কা বোর্ড ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পাননি। তাই পাথিরানা কবে কেকেআরে যোগ দেবেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছিল না। তবে অবশেষে মিলেছে সবুজ সংকেত।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, বিদেশি লিগে অংশ নিতে গেলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। সেই পরীক্ষায় পাশ করলেই মিলবে ‘নো অবজেকশন সার্টিফিকেট’। এর আগে নুয়ান থুশারা পরীক্ষায় ব্যর্থ হলেও দুশমন্ত চামিরা, পাথুম নিশঙ্কা এবং কামিন্দু মেন্ডিস ইতিমধ্যেই বোর্ডের ছাড়পত্র পেয়ে নিজেদের দলে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, পাথিরানা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন। আগামী সপ্তাহে তাঁর ফিটনেস পরীক্ষা হওয়ার কথা।
সূত্রের খবর, নেটে নিয়মিত বল করছেন পাথিরানা। তবু চোটের কথা মাথায় রেখে ফিটনেস পরীক্ষায় তাড়াহুড়ো করছেন না। সামনে দেশের হয়ে অনেকগুলি টি-২০ সিরিজ রয়েছে। তার মধ্যে একটা ভারতের বিরুদ্ধে। তাই ধীরে-সুস্থে ফিরতে চাইছেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, 'জাতীয় দলের সঙ্গে যারা চুক্তিবদ্ধ, সেই ক্রিকেটারদের জন্য ৮ সপ্তাহের বিশেষ ফিটনেস ট্রেনিং চালাচ্ছি। যাতে আন্তর্জাতিক সিরিজের আগে তাঁদের শারীরিক সক্ষমতা বাড়ানো যায়। যারা ফিটনেস পরীক্ষায় পাশ করবে, তারাই শুধু ঘরোয়া টুর্নামেন্ট এবং আইপিএল খেলার ছাড়পত্র পাবে।' উল্লেখ্য, কেকেআর ম্যানেজমেন্ট পাথিরানার রিহ্যাব প্রক্রিয়ার উপর নজর রাখছে। তবে যা পরিস্থিতি, তাতে প্রথম দিকের তিনটি ম্যাচে খেলার সম্ভাবনা নেই পাথিরানার।
